আত্মহত্যার চেষ্টা বোনের, বাঁচাতে গিয়ে ভাইও অগ্ণিদগ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ ভাইয়ের সাথে ঝগড়া করে অভিমানী বোন কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে৷ বোনকে বাঁচাতে গিয়ে ভাইও অগ্ণিদগ্দ হয়েছে৷ দুজনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ কিন্তু বোনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গেছে৷ বাধারঘাট এলাকায় মধ্যচারিপাড়ার পুলিশ পাড়ায় সকাল সাড়ে এগারটা নাগাদ মণি বেগম (২০) এবং রুবেল হুসেন (২৩) দুই ভাই-বোনে ঝগড়া বাঁধে৷ ভাইয়ের হাতে চড় খেয়ে মণি বেগম ঘরে ঢুকে দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ বিষয়টি টের পেয়েই রুবেল ছুটে গিয়ে দরজা ভেঙ্গে আগুন নেভানোর চেষ্টা করে৷ তাতে তারও হাত পুড়ে গেছে৷ এই ঘটনায় খবর দেওয়া হয় বাধারঘাট দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে অগ্ণিদগ্দ দুজনকেই হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাদের জিবি  হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, মণি বেগমের দেহের ৯০ শতাংশ  পুড়ে গেছে৷ তার অবস্থা খুবই আশঙ্কাজনক৷