নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি৷৷ টয়লেট পেপার খ্যাত খোয়াইয়ের তদানীন্তন ডিসিএম পঙ্কজ চক্রবর্তীকে সতর্ক করেছে রাজ্য সরকার৷ ভবিষ্যতে সংবাদ মাধ্যম সম্পর্কে এই ধরনের কোন মন্তব্য করা থেকে বিরত থাকতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে৷ মঙ্গলবার বিধানসভায় একথা জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
সংবাদ মাধ্যম সম্পর্কে বিরূপ মন্তব্য নিয়ে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া পঙ্কজ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারকে জানানো হয়৷ বিষয়টি বিধায়ক সুদীপ রায় বর্মণ সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন৷ তিনি জানতে চান, পঙ্কজ চক্রবর্তীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা৷ এবিষয়ে মুখ্যমন্ত্রী জানান, বিষয়টি খোঁজ নিয়ে বিধানসভাকে অবহিত করবেন৷ এদিন তিনি বিধানসভায় জানান, বিষয়টির খোঁজ নিয়েছেন৷ পাশাপাশি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আলোচনা করেছেন৷ এরপর পঙ্কজ চক্রবর্তীকে আগামীদিনে সংবাদ মাধ্যম সম্পর্কে কোন রকম বিরূপ মন্তব্য না করার জন্য সতর্ক করা হয়েছে৷ মুখ্যমন্ত্রীর ধারণা, পঙ্কজ চক্রবর্তী আগামীদিনে এই ধরনের কোন কাজ করবেন না৷ বিরোধীরা অবশ্য চাইছিলেন তাঁর বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হোক৷ এমনকি তার পদোন্নতি আটকে দেওয়া হোক৷ তাতে মুখ্যমন্ত্রী জানান, পদোন্নতি আটকে দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে৷ কিন্তু তাকে যেভাবে সতর্ক করা হয়েছে, তাতে আগামীদিনে এধরনের কোন কাজ করবেন না বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন৷ এদিন তিনি আরো জানিয়েছেন, পঙ্কজ চক্রবর্তীর বিরুদ্ধে রাজ্য সরকারের নেওয়া পদক্ষেপ প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াকে জানানো হবে৷
