News Flash

  • Home
  • Uncategorized
  • আবাস যোজনায় অনিয়ম নিয়ে মেয়রের স্পষ্টিকরণ, কেন্দ্রীয় সচিবের মতে কারচুপির কোনও রাস্তা নেই
Image

আবাস যোজনায় অনিয়ম নিয়ে মেয়রের স্পষ্টিকরণ, কেন্দ্রীয় সচিবের মতে কারচুপির কোনও রাস্তা নেই

PMAYনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বন্টনে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিন্হা জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বন্টনে জিওট্যাগিং বাধ্যতামূলক৷ এমন কি আধার সংযুক্ত না থাকলে কোন সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না৷ একই কথা জানিয়েছেন কেন্দ্রীয় আবাসন ও নগর গরীবি হ্রাসকরণ মন্ত্রকের সচিব নন্দীতা চ্যাটার্জীও৷ ফলে, শুক্রবার তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আর্থ সামাজিক জাতি জনগণনা ভিত্তিহীন দাবি করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বন্টনে অনিয়মের যে অভিযোগ তুলেছিলেন তার যৌক্তিকতা নিয়েই প্রশ্ণ উঠেছে৷

এদিন, রাজ্যে এসে প্রধানমন্ত্রী আবাস যোজনা শীর্ষক একটি কর্মশালায় অংশ নেন কেন্দ্রীয় আবাসন এবং নগর গরিবী হ্রাসকরণ মন্ত্রকের সচিব নন্দিতা চ্যাটার্জি৷ কর্মশালা শেষে তিনি রাণীরবাজারে প্রকল্পের সাইট পরিদর্শন করেন৷ এরপর তিনি বিবেকানন্দ আবাসনে ঘুরে যান৷ এই প্রকল্পের বিষয়ে তিনি জানান, জিও ট্যাগিং ছাড়া কোন সুবিধাভোগীর জন্য অর্থ বরাদ্দ করা হবে না৷ শুধু তাই নয়, আধার সংযুক্ত সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠাবে কেন্দ্র৷ এদিন তিনি আরো জানান, ৫টি ধাপে অর্থ পাঠানো হবে৷ প্রতি ক্ষেত্রেই কাজ সমাপ্ত হয়েছে জানানোর পরই অর্থ পাঠানো হবে৷ কোন সুবিধাভোগী জিও ট্যাগিং না হলে তাকে বাদ দিয়ে দেওয়া হবে৷ তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কারচুপি করার কোন রাস্তা নেই৷ স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত সুবিধাভোগীর হাতে সুযোগ পৌঁছে দিতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে৷

এদিন সাংবাদিক সম্মেলনে পুর নিগমের মেয়র ডা প্রফুল্লজিৎ সিনহা একইভাবে বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কারচুপি করার কোন রাস্তা নেই৷ যদি কোন সুবিধাভোগী ভুলবশত তালিকা ভুক্ত হয়ে থাকেন তাহলে তাকে বাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে৷ এদিন তিনি জানান, প্রত্যেক সুবিধাভোগীর তালিকা ওয়েবসাইটে আপলোড করা হবে৷ কেন্দ্রীয় সরকারের কাছে নাম পাঠানো হলে তারা প্রযুক্তির সহায়তায় দেখে নেবে সুবিধাভোগী বাছাইয়ের কোন রকম গলদ রয়েছে কিনা৷ ধরা পড়লে সঙ্গে সঙ্গে ঐ তালিকা থেকে সুবিধাভোগীর নাম বাদ দিয়ে দেবে কেন্দ্র৷ তখন নতুনভাবে সুবিধাভোগী চিহ্ণিত করে কেন্দ্রের কাছে নাম পাঠাতে হবে৷ শুধু তাই নয়, জিও ট্যাগিং বাধ্যতামূলক করা হয়েছে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য৷ প্রত্যেক সুবিধাভোগীর জিও ট্যাগিং করে ওয়েবসাইটে আপলোড করতে হবে৷ এদিন তিনি আরো জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোন সুবিধাভোগী যদি এই প্রকল্পের আওতাভুক্ত না হন তাহলে তাকে তালিকাভুক্ত হওয়ার পরও বাদ দেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে৷ বিধায়ক সুদীপ রায় বর্মণের অভিযোগ প্রসঙ্গে পুর নিগমের মেয়র দাবি করে বলেন, পুর এলাকায় সুবিধাভোগীদের তালিকা প্রত্যেক ওয়ার্ড অফিসে টাঙ্গানো হয়েছিল৷ এর ভিত্তিতে দাবি আপত্তি জানানোরও সুযোগ দেওয়া হয়েছিল৷ আগামী কিছুদিনের মধ্যে সুবিধাভোগীদের সমস্ত তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে৷ এর ভিত্তিতে কারোর বিষয়ে অভিযোগ উঠলে এর তদন্ত করা হবে৷ সুদীপবাবু যে অভিযোগ করেছেন তার তদন্ত করে দেখা হবে৷ সত্যতা মিললে ঐ সুবিধাভোগীকে তালিকা থেকে বাদ দেওয়া হবে৷

এদিন পুর কমিশনার ডা. মিলিন্দ রামটেকে জানিয়েছেন, পুর এলাকায় ৪৯টি ওয়ার্ডের ১৭ হাজার ৩৬৮ জন সুবিধাভোগীর তালিকা তৈরি হয়েছে৷ আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ তাদের তালিকা মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে৷ পরবর্তী ধাপে জিও ট্যাগিং করা হবে৷ এখন পর্যন্ত ১ হাজার ২০০ জন সুবিধাভোগীর জিও ট্যাগিং হয়েছে৷ তাদের অ্যাকাউন্টে প্রথম পর্যায়ের অর্থ ঢুকেছে৷ তিনি জানান, ধাপে ধাপে অর্থ মিলবে এই প্রকল্পে৷ মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা দেবে কেন্দ্র৷ ১৬ হাজার টাকা দেবে রাজ্য সরকার৷ এই প্রকল্পে ঘর নির্মাণে বরাদ্দ ব্যয় ২লক্ষ ৭১ হাজার টাকার মধ্যে বাকি টাকা সুবিধাভোগীকে বহন করতে হবে৷ পুর নিগমের মেয়র এবং কমিশনার জোর গলায় দাবি করেন, এই প্রকল্পে কোন ধরনের কারচুপি হওয়ার পথ নেই৷ তবে, ভুলভ্রান্তি হতেই পারে৷ সে ভুল সংশোধন করারও রাস্তা রয়েছে এবং সেটা অবলম্বন করা হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top