News Flash

  • Home
  • Uncategorized
  • সুলভ মূল্যে ওষুধ পেতে কেন্দ্রের সুযোগ লুফে নিল রাজ্য, ক্যান্সার চিকিৎসা সাধ্যের মধ্যে আনতে চালু হল অমৃত ফার্মেসি

সুলভ মূল্যে ওষুধ পেতে কেন্দ্রের সুযোগ লুফে নিল রাজ্য, ক্যান্সার চিকিৎসা সাধ্যের মধ্যে আনতে চালু হল অমৃত ফার্মেসি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি৷৷ সাধ্যের মধ্যে চিকিৎসার লক্ষ্যে রাজ্যে শুরু হল অমৃত ফার্মেসি৷ এখন রাজ্যবাসী

বৃহস্পতিবার অমৃত ফার্মেসির উদ্বোধন বিভিন্ন ঔষুধ দেখছেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ নিজস্ব ছবি৷
বৃহস্পতিবার অমৃত ফার্মেসির উদ্বোধন বিভিন্ন ঔষুধ দেখছেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ নিজস্ব ছবি৷

ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় ওষুধ সুলভ মূল্যে পাবেন৷ বিপিএল পরিবার বিনামূল্যে ওষুধ নিতে পারবেন৷ ক্যান্সার চিকিৎসায় এবছর থেকে প্রতিটি বিপিএল রোগী ২ লক্ষ টাকা পর্যন্ত ওষুধ ক্রয়ে কোন অর্থ খরচ করতে হবে না৷ এপিএল পরিবারদেরও সুবিধা দেওয়া হবে এই ফার্মেসি থেকে বাজার মূল্যের ২০ থেকে ৯০ শতাংশ কম দামে এখানে সমস্ত ওষুধ এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস এপিএল রোগীরা কিনতে পারবেন৷ এছাড়াও চিকিৎসাক্ষেত্রে খরচ বহনের মাত্রা লাঘব করার ক্ষেত্রে এই ফার্মেসি থেকে আরো কয়েকটি সুযোগ সুবিধা মিলবে৷ অত্যাবশকীয় ওষুধ এবং অতিরিক্ত ওষুধ বা ডিভাইস সরকারি হাসপাতালগুলি তাদের প্রয়োজনমত চাহিদার তালিকা দিলে সে সমস্ত ওষুধেরও যোগান দেওয়া হবে এই ফার্মেসি থেকে৷ রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় এক ঐতিহাসিক দিন বলে মানলেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীও৷ অমৃত ফার্মেসির উদ্বোধন করে স্বাস্থ্য মন্ত্রী বলেন, বহু রোগী এই ফার্মেসির কারণে উপকৃত হবেন৷
ক্যান্সার চিকিৎসায় বিশেষ করে কেমোথেরাপির ব্যয়ভার বহন করা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের কাছে মূল চ্যালেঞ্জ৷ কিন্তু অমৃত ফার্মেসি থেকে বহুমূল্যের ওষুধ খুবই কম দামে রোগীরা পাবেন৷ অমৃত ফার্মেসি থেকে প্রাপ্ত একটি তালিকা থেকে জানা গেছে, এমনও ওষুধ রয়েছে যার বাজারমূল্য ২২ হাজার ৬১৪ টাকা৷ কিন্তু অমৃত স্টোর্স থেকে প্রায় অর্ধেক দামে ১১ হাজার ৫৭৬ টাকায় ওষুধটি পাবেন রোগীরা৷ কেমোথেরাপির ক্ষেত্রে একটি ইনজেকশনের বাজারমূল্য ২০ হাজার টাকা৷ অমৃত ফার্মেসি থেকে সেই ওষুধ ৬৯ শতাংশ ছাড়ে ৬ হাজার ২৮৮ টাকা দিয়ে রোগীরা কিনতে পারবেন৷ এছাড়াও তালিকায় ক্যান্সার চিকিৎসায় বিভিন্ন ওষুধ সুলভমূল্যে পেয়ে যাবেন রোগীরা৷ শুধু তাই নয়, হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন কিট এই ফার্মেসি থেকে পাওয়া যাছে৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ২০১৫ সালের নভেম্বর মাসে দিল্লির এইমস হাসপাতালে সর্বপ্রথম অমৃত ফার্মেসি চালু করেন৷ তখনই ভারত সরকার সিদ্ধান্ত নেয় জনসাধারণের সুবিধার্থে দেশের ২৭টি রিজিওনাল ক্যান্সার হাসপাতালে একটি করে অমৃত ফার্মেসি চালু করা হবে৷ এখন পর্যন্ত দেশে মোট ৩৪টি হাসপাতালে অমৃত ফার্মেসি খোলা হয়েছে৷ উত্তরপূর্বাঞ্চলে গুয়াহাটির পর দ্বিতীয় রাজ্য হিসেবে ত্রিপুরায় অমৃত ফার্মেসি চালু হল৷ আগরতলা রিজিওনাল ক্যান্সার সেন্টারে অমৃত ফার্মেসির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ এদিন তিনি জানান, রাজ্য সরকারের সাথে এইচএলএল লাইফকেয়ার লিমিটেডের পাঁচবছরের জন্য চুক্তি সাক্ষরিত হয়েছে৷ আগামীদিনে সমস্ত ওষুধ অমৃত ফার্মেসি সরবরাহ করবে৷ এবছর স্বাস্থ্য দপ্তরের টেন্ডার প্রক্রিয়ায় যে সমস্ত কোম্পানী এবং ঔষুধ নির্ধারিত হয়ে গেছে সেগুলির যোগান এবছর বহাল থাকবে৷ তবে যে সমস্ত ঔষুধের বরাত কেউ পায়নি সেগুলি অমৃত ফার্মেসিকে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হবে৷ নতুন অর্থবছর থেকে আর কোন সংস্থাকেই সরকারী হাসপাতালে ওষুধ সরবরাহে বরাত দেওয়া হবে না৷
এদিন সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্য ক্যান্সার জোন হিসেবে চিহ্ণিত৷ প্রতিবছর ২৫০০’র অধিক রোগী ক্যান্সারে আক্রান্ত বলে চিহ্ণিত হচ্ছেন৷ সবচেয়ে চিন্তার কারণ হল, ক্যান্সার একটি মারণব্যাধির পাশাপাশি ভীষণ ব্যয়বহুল৷ বহু পরিবার ক্যান্সার রোগীর চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন৷ অমৃত ফার্মেসি রাজ্যে চালু হওয়ায় এখন থেকে ক্যান্সার চিকিৎসায় ওষুধপত্র সুলভ মূল্যে পাওয়া যাবে৷ বিপিএল পরিবারদের জন্য এটি খুবই খুশির খবর৷ কারণ, আগে যেখানে বিপিএল রোগীরা ক্যান্সার রোগের চিকিৎসায় বাজার থেকে ওষুধ কিনে বিল জমা দিতেন এবং এর বিনিময়ে কিছুদিন পর তাদেরকে সেই অর্থ প্রদান করা হত৷ তাতে, অনেক সময় বিপিএল রোগীরা ওষুধ কেনার খরচ বহন করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হয়েছেন৷ এখন আর তাদের নিজেদের পকেট থেকে কোন টাকা খরচ করতে হবে না৷ এবছর থেকে প্রতিটি বিপিএল রোগী ক্যান্সার চিকিৎসার জন্য ২ লক্ষ টাকার মূল্যের নগদহীন সাহায্য পাবেন৷ এপিএল রোগীরাও অমৃত ফার্মেসি থেকে সুলভ মূল্যে ওষুধ কিনতে পারবেন৷ দেশের বড় বড় হাসপাতালগুলিতে যে সমস্ত ওষুধ ডিভাইস ব্যবহৃত হয় সেগুলি বাজার মূল্যের ২০ শতাংশ থেকে ৯০ শতাংশ কম দামে এই ফার্মেসি থেকে এপিএল রোগীরা কিনতে পারবেন৷ এদিন স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত সরকারের সংস্থা এইচএলএল লাইফ কেয়ার লিমিটেডের তত্ত্বাবধানে এই ফার্মেসি পরিচালিত হবে৷ এর জন্য স্বাস্থ্যমন্ত্রী সংস্থাটিকে ধন্যবাদ জানিয়েছেন৷
এদিন স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি জেলায় এধরনের ফার্মেসি খোলা যায় কিনা সে বিষয়টি ভেবে দেখার জন্য সংস্থার কাছে অনুরোধ জানানো হয়েছে৷ তাতে, রাজ্যের সকল মানুষ সহজে উপকৃত হবেন৷ এদিন তিনি জানিয়েছেন, রাজ্য ক্যান্সার জোন হিসেবে চিহ্ণিত তাই এবিষয়ে গুরুত্ব দিয়ে একটি ক্যান্সার রিসার্স সেন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ ইতিমধ্যে এর প্রজেক্ট তৈরি করে কেন্দ্রের দৃষ্টিতে নেওয়া হয়েছে৷ এছাড়াও তিনি জানান, ক্যান্সার হাসপাতালের সাততলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ শেষের পথে৷ ঐ হাসপাতালে অত্যাধুনিক যন্ত্রপাতি আনার ব্যবস্থা করা হয়েছে৷ ক্যান্সার রোগ নির্ণয়ে এবং চিকিৎসায় অত্যাধুনিক যন্ত্রপাতিগুলির রাজ্যবাসীর কাজে আসবে৷
এদিকে, অমৃত ফার্মেসি থেকে রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনায় ক্যান্সার রোগীরাও সুযোগ গ্রহণ করতে পারবেন৷ পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে রোগ নির্ণয় স্কিমের মাধ্যমে অমৃত ফার্মেসি আগামীদিনে প্যাথোলজি এবং রেডিওলজি বিভাগে রোগ নির্ণয়ে দেশের প্রতিষ্ঠিত হাসপাতালগুলির পরামর্শ গ্রহণের দ্বারা আগরতলা রিজিওনাল ক্যান্সার সেন্টারকে সহযোগিতায় চুক্তিবদ্ধ হয়েছে৷ ক্যান্সার রোগীদের জন্য বিভিন্ন পুষ্টিকর খাদ্যদ্রব্য, পানীয় এবং পাউডার এই ফার্মেসিতে পাওয়া যাবে৷ এছাড়াও হাসপাতালের ওয়ার্ডে নিত্য ব্যবহার্য্য পণ্যসামগ্রী এবং ল্যাবরেটরির বিভিন্ন টেস্ট কিটগুলি এই ফার্মেসিতে পাওয়া যাবে বলে জানা গেছে৷ ইর্মাজেন্সি কোন ওষুধ যদি রাজ্যের কোথাও পাওয়া না যায় চুক্তি অনুসারে এই ফার্মেসি ৪৮ ঘন্টার মধ্যে তার যোগান দেবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top