News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সড়ক গাড়ি চলাচলের উপযোগী রাখা হবে, আশ্বাস আসামের পূর্ত দপ্তরের
Image

জাতীয় সড়ক গাড়ি চলাচলের উপযোগী রাখা হবে, আশ্বাস আসামের পূর্ত দপ্তরের

NH8 PIC1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ কাঁঠালতলী দিয়ে জাতীয় সড়কটি যে কোন ভাবেই যানবাহন চলাচলের উপযোগী রাখার আশ্বাস দিয়েছে আসাম সরকারের পূর্ত দপ্তর৷ শীঘ্রই এই সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না দেখে যাতে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল চালু রাখা যায় রাজ্যের পূর্ত দপ্তরের জাতীয় সড়ক শাখার মুখ্যবাস্তুকার দীপক দাসকে সেই প্রতিশ্রুতি দিয়েছেন আসাম সরকারের পূর্ত দপ্তরের পাথারকান্দি মহকুমার এসডিও মহম্মদ জালাল লস্কর৷ এদিকে, ৮নং জাতীয় সড়ক (সাবেক ৪৪নং জাতীয় সড়ক) সংস্কারের দায়িত্ব আসাম সরকারের পূর্ত দপ্তরের হাতেই রয়েছে৷ সদ্য কাঁঠালতলী দিয়ে বিকল্প সড়কটি ২০৮এ জাতীয় সড়কে উন্নীত করা হয়েছে৷ এই জাতীয় সড়কটির সংস্কারের দায়িত্ব আসাম সরকারের পূর্ত দপ্তরের হাত থেকে এনএইচআইডিসিএল’কে দেওয়া হয়েছে৷ রাজ্যের পূর্ত দপ্তরে জাতীয় সড়ক শাখার মুখ্যবাস্তুকার দীপক দাস এই তথ্য তুলে ধরে জানান, এখন থেকে এনএইচআইডিসিএল ২০৮এ জাতীয় সড়কের সংস্কার করবে৷ অবশ্য আসাম সরকারের পূর্ত দপ্তর এখনো তাদেরকে দায়িত্ব তুলে দেয়নি৷ পাশাপাশি তিনি জানান, ৮নং জাতীয় সড়ক এবং ২০৮এ জাতীয় সড়কের বেহাল দশা কাটাতে আসাম সরকারের পূর্ত দপ্তরের পাথারকান্দি মহকুমার এসডিও মহম্মদ জালাল লস্কর প্রতিশ্রুতি দিয়েছেন যানবাহন চলাচলের উপযোগী রাখার সব রকম উদ্যোগ নেবেন৷ তিনি ত্রিপুরার পূর্ত দপ্তরের জাতীয় সড়ক শাখার মুখ্যবাস্তুকারকে আশ্বস্ত করেছেন যে কোন ভাবেই হোক যানবাহন চলাচল চালু রাখা হবে৷
সোমবার মহাকরণে পূর্ত দপ্তরের জাতীয় সড়ক শাখার মুখ্যবাস্তুকার দীপক দাস ত্রিপুরার লাইফ লাইনের করুণ চিত্র তুলে ধরেছেন৷ সম্প্রতি জাতীয় সড়কের বেহাল দশার সরেজমিনে পরিদর্শনে গিয়ে ৮নং জাতীয় সড়ক এবং ২০৮এ জাতীয় সড়কের দুর্দশা দেখে এসেছেন৷ তিনি জানান, বড় বড় গর্তে যানবাহন ফেঁসে গেলে ড্রজারের মাধ্যমে সে যানবাহনগুলি গর্ত থেকে তুলা হয়৷ কাঁঠালতলী দিয়ে বিকল্প সড়কে পাঁচটি গর্ত বিশাল বড়৷ এই সড়ক দিয়ে ছোট গাড়ি আসা যাওয়া করা কোন মতেই সম্ভব নয়৷ বড় বড় ট্রাকগুলি গর্তে পড়ে গেলে ড্রজারের মাধ্যমে ধাক্কা দিয়ে সেগুলি পারাপার করার ব্যবস্থা রাখা হয়েছে৷ আসাম সরকারই সে ব্যবস্থা করেছে৷ তবে, ঐ গর্তগুলি ভর্তি করার কাজ শুরু হয়েছে৷ তিনি জানান, গত পরশু থেকে গর্তগুলি ভর্তি করা শুরু হয়েছে৷ গত পরশু পাঁচ গাড়ি পাথর ফেলে কিছু গর্ত ভর্তি করা হয়েছে৷ গত রবিবারও আরো সাত গাড়ি পাথর আনা হয়েছে গর্ত ভর্তি করার জন্য৷ আজকেও গর্ত ভর্তি করার কাজ চলছে৷ তিনি জানান, গত ১ জুলাই এনএইচআইডিসিএল কাঁঠালতলী দিয়ে ২০৮এ জাতীয় সড়কটি সংস্কারের টেন্ডার দেখেছে৷ ১৫ দিন লাগবে টেন্ডার জমা পড়তে৷ আরো ১৫ দিন সময় লাগবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হতে৷ এনএইচআইডিসিএল’র জেনারেল ম্যানেজার জানিয়েছেন, আরো একমাস সময় লাগবে ২০৮এ জাতীয় সড়কের আসামের অংশের সংস্কার কাজ শুরু হতে৷
এদিকে, ৮নং জাতীয় সড়কের (সাবেক ৪৪নং জাতীয় সড়ক) চুড়াইবাড়ি গেইট থেকে দুই কিলোমিটার রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত৷ দীপকবাবু জানান, মতলবি মোকাম জায়গাটিতেই জাতীয় সড়কটি সবচেয়ে খারাপ অবস্থা হয়ে রয়েছে৷ এই অঞ্চলের মাটি ভীষণ খারাপ৷ সে কারণে লোড নিতে পারছে না৷ তবে, নতুন প্রযুক্তির মাধ্যমে এই অংশের সংস্কারের উদ্যোগ নিয়েছে আসাম সরকারের পূর্ত দপ্তর৷ পরীক্ষামূলকভাবে ৩০ মিটার রাস্তায় নতুন প্রযুক্তির সহায়তায় সংস্কার করা হবে৷ তাতে সাফল্য মিলবে দুই কিলোমিটার রাস্তাটি সে পদ্ধতিতে সংস্কার করা হবে৷ প্রথম দিন নতুন প্রযুক্তিতে কিছুটা কাজ হয়েছে৷ কিন্তু দ্বিতীয় দিন বৃষ্টির কারণে কোন কাজ করা সম্ভব হয়নি৷ বৃষ্টি থামলেই রাস্তাটিতে পুনরায় সংস্কার করা হবে বলে তিনি জানিয়েছেন৷
এদিকে, চুড়াইবাড়ি থেকে লোয়ারপোয়া পর্যন্ত এবং কাঁঠালতলী দিয়ে বিকল্প সড়কটির দিকে পূর্বতন আসাম সরকারের গাফিলতির কারণেই বেহাল দশায় পরিণত হয়েছে৷ নিম্নমানের কাজ এবং দীর্ঘদিন সংস্কারের অভাবে এখন এই দুটি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে ওঠেছে৷ এর জন্য তিনি পূর্বতন আসাম সরকারকেই দায়ী করেছেন৷ শুধু তাই নয়, বর্ষা মরসুম শুরু হতেই ত্রিপুুরার লাইফ লাইন স্তব্ধ হয়ে যেতে পারে এই আশঙ্কাতে ছয়মাস আগেই কেন্দ্রীয় ভূতল সড়ক পরিবহন ও মহা সড়ক মন্ত্রকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে তিনি চিঠি পাঠিয়েছিলেন৷ অন্তত বর্ষার আগে কাঁঠালতলী দিয়ে বিকল্প সড়কটি যাতে যানবাহন চলাচলের উপযোগী করা যায় সে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয়েছিল৷ কিন্তু কোন উদ্যোগ না নেওয়ায় আজ মারাত্মক সমস্যার মুখে পড়েছে ত্রিপুরা৷ পূর্ত দপ্তরের জাতীয় সড়ক শাখার মুখ্যবাস্তুকারের বক্তব্যে অনেকটাই স্পষ্ট বৃষ্টি না থামলে জাতীয় সড়ক স্বাভাবিক হচ্ছে না৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top