News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের ভূগর্ভস্থ জলস্তর ক্রমশ কমছে, ভয়াল জল সংকটের আভাস
Image

রাজ্যের ভূগর্ভস্থ জলস্তর ক্রমশ কমছে, ভয়াল জল সংকটের আভাস

Water Crisisনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ রাজ্যে জলস্তর ক্রমেই নিম্নমুখী৷ সম্প্রতি রাজ্যের ভূগর্ভস্থ জলস্তর ১.৫ মিটার নীচে নেমে গিয়েছে৷ তাতে আগামী দিনে ভয়াল জল সংকটের আভাস মিলছে৷ জল সংকটের জন্য অন্যতম দায়ী রাবার চাষ৷ বিশেষজ্ঞদের মতে, প্রতিটি রাবার গাছ দিনে গড়ে ৯০ লিটার করে ভূগর্ভস্থ জল চুষে নেয়৷ রাজ্যে প্রায় ৭৫ হাজার হেক্টর জমিতে রাবার চাষ হচ্ছে৷ তাতে মোট রাবার গাছের সংখ্যা ৩ কোটি ৭৫ লক্ষ৷ ফলে প্রতিদিন ৮৯১৫৮০৬২৫.৮৩ গ্যালন জল চুষে নিচ্ছে ৭৫ হেক্টর জমির রাবার গাছ৷ আগামী দিনে রাজ্যে জল সংকট আরও মারাত্মক আকার ধারণ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷
একাংশের মতে, কেরালাতেও রাবার চাষ হচ্ছে৷ অথচ সেখানে জল সংকটের কোন পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি৷ এর জন্য বিশেষজ্ঞদের মতে, কেরালায় বৃষ্টিপাত ত্রিপুরার তুলনায় অনেক বেশী৷ ২০১৫ সালের শেষ রিপোর্ট মোতাবেক, কেরালায় গড় বৃষ্টিপাত ৩০৫৫ মিলিমিটার৷ তার তুলনায় ত্রিপুরায় গড় বৃষ্টিপাত মাত্র ১৮৮১ মিলিমিটার৷ ফলে, কেরালাতে রাবার গাছ একদিকে যেমন ভূগর্ভস্থ জল চুষে নিচ্ছে, অন্যদিকে বৃষ্টিপাত বেশী হওয়ায় সমতা বজায় থাকছে৷ ত্রিপুরার ক্ষেত্রে ঘাটতি উভয় দিকেই৷ সারা দেশে কেরালার পর রাবার উৎপাদনে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে৷ কিন্তু, জলবায়ু ও ভৌগোলিক অবস্থান অনুসারে কেরালার সাথে বিরাট ফারাক রয়েছে ত্রিপুরার৷
ভূগর্ভস্থ জলস্তর কমে যাওয়ায় কেবল জল সংকটের আভাস দিচ্ছে তেমনটা নয়৷ বিশেষজ্ঞদের মতে, জলস্তর কমে যাওয়ায় বেড়ে যাচ্ছে ভূমিকম্পের ঝুঁকিও৷ এমনিতেই ত্রিপুরা ভূমিকম্প প্রবন জোন হিসেবে চিহ্ণিত৷ সিসমিক জোন পাঁচ নম্বরে রয়েছে এই রাজ্য৷ দেশের ভূমিকম্প ঝুঁকি প্রবন রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা অন্যতম৷ সেক্ষেত্রে ক্রমাগত ভূগর্ভস্থ জলস্তর কমতে থাকলে একদিকে যেমন রাজ্যবাসী ভয়াল জল কষ্টে ভুগবেন তার সাথে ভূমিকম্পে প্রাণ হানির ঝুঁকিও রয়ে যাচ্ছে৷
সারা বিশ্ব জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ উৎকন্ঠায় রয়েছে৷ রাষ্ট্রপুঞ্জ জলবায়ু পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই নানা আলোচনা এবং ভাবনা চিন্তা শুরু করেছে৷ প্রগতিশীল রাষ্ট্রগুলিতে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় নানা কৌশল অবলম্বন করতে শুরু করেছে৷ ভারতেও জল সংকটের হাত থেকে মুক্তি পেতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ ভূগর্ভস্থ জলস্তর স্থিতিশীল রাখার জন্য সারা দেশের সাথে গোটা বিশ্বে সবুজায়নের পথ অবলম্বন করা হচ্ছে৷ একই পথে পার্বতী রাজ্য ত্রিপুরাও হাটছে৷ কিন্তু, ভূগর্ভস্থ জলস্তর ক্রমশ কমতে থাকায় সেই মহতী উদ্যোগ নিয়ে প্রশ্ণ উঠা স্বাভাবিক বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল৷ জল সংকট নিরসনে বৃষ্টির জল সংরক্ষণও ফলপ্রসু বলে মেনে নিয়েছে গোটা বিশ্ব৷ সেই মোতাবেক ভারতেও বহু জায়গায় বৃষ্টির জল সংরক্ষণ করা হচ্ছে৷ কিন্তু ব্যাতিক্রমী এই রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণের তেমন কোন উদ্যোগ এখনও চোখে পড়েনি৷ স্বাভাবিকভাবে আগামী দিনে খরা দেখা দিলে তার হাত থেকে রেহাই কিভাবে মিলবে সেই পথ অধরা এখনও৷ সম্প্রতি খরা দেখা দিয়েছে মহারাষ্ট্রের লাতুরে৷ খরাগ্রস্ত লাতুরে রেলে করে জল সরবরাহ করে স্বাভাবিক করা হচ্ছে৷ এমন ভয়াল পরিস্থিতির মুখোমুখী হলে রাজ্য কিভাবে তা মোকাবিলা করবে সেনিয়ে এখন থেকেই ভাবনা চিন্তা জরুরী বলেই অনেকে মনে করছেন৷ জল সংকট যেখানে সারা দেশের সমস্যা, সেখানে এই প্রাণের উৎসকে সংরক্ষণ অতি আবশ্যিক হয়ে উঠেছে৷
পার্বতী রাজ্য ত্রিপুরায় পাহাড়ী জনপদে এমনিতেই সারা বছর তীব্র জল কষ্টে ভুগেন গিরিবাসীরা৷ সম্প্রতি পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিকের দেওয়া তথ্যে জানা গিয়েছে এখনও সারা রাজ্যে ৩৭৩৩টি পাড়ায় সারা বছর জল পাওয়া যায় না৷ শুখা মরশুম শুরু হতেই রাজ্যের ৪৯ টি পাড়ায় ট্যাঙ্কারে করে জল সরবরাহ করা হচ্ছে৷ ফলে এমনিতেই জল সংকটের মারাত্মক ঝুকিতে রয়েছে এই রাজ্য, তার উপর জলস্তর ক্রমশ নামতে থাকলে আগামী দিনে রাজ্য খরা কবলিত বলে ঘোষণা হতে পারে বলেও আশঙ্কা৷
ফলে, রাজ্যে যেমস্ত নদী, নালা ক্রমশ শুকিয়ে যাচ্ছে সেগুলিকে চাঙ্গা করার তাগিদ আরও বেড়ে যাচ্ছে৷ রাজ্য সরকার অবশ্য সম্প্রতি হাওড়ার জলস্তর বাড়ানোর জন্য উৎসস্থলে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে৷ একই সঙ্গে গোমতীর উৎসেও ব্যবস্থা নেওয়া হয়ছে৷ এখন দেখার ঐ পদক্ষেপগুলি কতটা বাস্তব রূপ নেয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top