সাব্রুমে আগুনে পুড়ে ছাই ৯টি দোকান

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ আগস্ট৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম ভিতর বাজারে গতরাতে বিধবংসী অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে৷ অগ্ণিকাণ্ডে বেশ কয়েকটি দোকান ভস্মীভত হয়ে গেছে৷ আগুন লাগার পরপরই স্থানীয় জনগণ দমকল বাহিনীকে খবর দেন৷ সাবরুম এর দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন ছুটে এলেও আগুন আয়ত্তে আনা কষ্টকর হয়ে উঠে৷ খবর পাঠানো হয় মনু বাজার দমকলবাহিনীর অফিসে৷ সেখান থেকেও একাধিক ইঞ্জিন আগুন নেভানোর জন্য সাবরুম ছুটে আসে৷ তাদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে৷আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷মঙ্গলবার সকালে প্রশাসনের কর্মকর্তারা অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাবরুম এর ভেতর বাজার এলাকা পরিদর্শন করেন৷ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আপদকালীন সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ পুলিশ এবং দমকলবাহিনীর জওয়ানরা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে৷তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি৷ কিভাবে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ এবং দমকল বাহিনী৷ তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে শর্টসার্কিট থেকে অগ্ণিকাণ্ডের সূত্রপাত ঘটেছে৷