নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ আগস্ট৷৷ অবৈধ সম্পর্কের করুণ পরিণতি৷ প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা একই দড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন৷ এ ঘটনায় সিপাহিজলা জেলার মধুপুর থানাধীন কৈয়াডেপা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷
সোমবার সকালে কৈয়াডেপা এলাকার রবার বাগানে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ বাগান মালিক ঘটনা প্রত্যক্ষ করে পুলিশে খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷
এ-বিষয়ে স্থানীয়দের বক্তব্য, বেশ কয়েক বছর ধরে শঙ্কর গোস্বামী (৪২) এবং পূর্ণিমা দাসের (৩২) মধ্যে অবৈধ সম্পর্ক ছিল৷ স্বামী পরিত্যক্তা ওই মহিলার সাথে অবৈধ সম্পর্কের কারণে শঙ্কর গোস্বামীর স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছেন৷ এদিকে, ওই মহিলার এক ছেলে ও এক মেয়ে রয়েছে৷ তাই তাঁদের সম্পর্ক মেনে নিচ্ছিল না শঙ্করবাবুর পরিবার৷ স্থানীয়দের দাবি, তাদের অবৈধ সম্পর্কের জন্য বেশ কয়েকবার সালিশি সভায় বিচার হয়েছে৷ কিন্তু উভয়ের সম্পর্কে ভাঙন ধরাতে ব্যর্থ হন এলাকাবাসী৷ গতকাল গভীর রাতে সম্ভবত তাঁরা ফাঁসিতে আত্মঘাতী হয়েছেন৷

