
মুম্বই, ১০ ডিসেম্বর (হি.স.) : লোকসভায় শিবসেনার নাগরিকত্ব সংশোধনী বিলকে (সিএবি) সমর্থন করার কোনও প্রভাব যে মহারাষ্ট্রের মহা বিকাশ আখাড়ির উপর পড়বে না মঙ্গলবার তা স্পষ্ট করে দিয়েছেন এনসিপি মুখপাত্র নবাব মালিক।
এদিন নবাব মালিক জানিয়েছেন, ন্যূনতম কর্মসূচীর ভিত্তিতে মহারাষ্ট্রে মহা বিকাশ আখাড়ি জোট গড়ে উঠেছে। রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকলেও জোটের উপর এর কোনও প্রকার প্রভাব পড়বে না। ন্যূনতম কর্মসূচীতে যে প্রতিশ্রুতি মহারাষ্ট্রবাসীদের দেওয়া হয়েছে, তা পালন করা হবে। মহারাষ্ট্রের উন্নয়নের জন্য নিষ্টা সহকারে কাজ করে যাবে এই জোট।
সোমবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন যে, এতে ভারতে বসবাসকারি মুসলমান সম্প্রদায় মানুষের চিন্তা করার কোনও কারণ নেই। এই বিষয়ে নবাব মালিক আশা প্রকাশ করেছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর এই প্রতিশ্রুতি পালন করবেন। অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় সমর্থন পেলেও কেন্দ্রের শাসক দল বিজেপি যেন এর থেকে নিজেদের ভোটব্যাঙ্ক তৈরি না করতে পারে সেই কারণে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, খ্রিষ্টান, বৌদ্ধ ধর্মের মানুষদের আগামী ২৫ বছর পর্যন্ত কোনও ভাবেই নাগরিকত্ব দেওয়া যাবে না।

