News Flash

  • Home
  • Uncategorized
  • হাসপাতাল থেকে তুলে এনে লকআপে রাখতেই অসুস্থ বাদল চৌধুরী, পাঠানো হল আইসিইউতে
Image

হাসপাতাল থেকে তুলে এনে লকআপে রাখতেই অসুস্থ বাদল চৌধুরী, পাঠানো হল আইসিইউতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ পূর্ত ঘোটালায় অভিযুক্ত প্রাক্তন পূর্ত মন্ত্রী তথা বিধায়ক বাদল চৌধুরীকে আজ ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ হাসপাতাল থেকে পশ্চিম আগরতলা থানায় নিয়ে আসে৷ কিন্তু, থানায় লকআপে ঢোকানোর সাথে সাথেই তিনি ফের অসুস্থ হয়ে পড়েন৷ সঙ্গে সঙ্গে তাঁকে জি বি হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ এখন তিনি জি বি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন৷ ডাঃ রাজেশ দেববর্মার নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি৷ এদিকে, থানার লকআপে তাঁকে মারধর করা হয়েছে বলে বিস্ফোরক দাবি করেন বাদল চৌধুরী৷


প্রসঙ্গত, ২০০৮ সালে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার পূর্ত দপ্তরের কাজের বরাত দেওয়ার ক্ষেত্রে সমস্ত নিয়ম নীতি উলঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে৷ তাতে, আর্থিক কেলেঙ্কারি হয়েছে দাবি করেছে বিজেপি- আইপিএফটি জোট সরকার৷ ওই কেলেঙ্কারি মামলায় প্রাক্তন পূর্ত মন্ত্রী সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে ভিজিলেন্স৷ ওই মামলায় প্রথমে ক্রাইম ব্রাঞ্চ প্রাক্তন পূর্ত কর্তা সুনীল ভৌমিককে গ্রেপ্তার করেছে৷ তিনি এখন জেল হেপাজতে রয়েছেন৷ এরপর পুলিশ প্রাক্তন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরীকে গ্রেপ্তার করেছে৷ অবশ্য তাঁকে পুলিশ জালে তুলতে পারেনি৷ কারণ দায়রা আদালতে বাদল চৌধুরীর জামিনের আবেদন বাতিল হয়ে যাওয়ার পর তিনি আত্মগোপন করেছিলেন৷ ফলে পুলিশ তাঁকে কোথাও খুঁজে পায়নি৷ এরই মধ্যে তিনি ত্রিপুরা হাইকোর্টে জামিনের আবেদন জানান৷ কিন্তু, ওই আবেদনের শুনানি নিস্পত্তি হওয়ার আগেই তিনি আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন৷ তখন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে৷ তাঁকে পুলিশের নজরদারিতেই হাসপাতালে চিকিৎসা করেন চিকিৎসকরা৷


প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর ত্রিপুরা হাইকোর্টে বাদল চৌধুরীর জামিনের আবেদনের শুনানি হয়৷ কিন্তু, ওইদিন আদালত কোন রায় দেননি৷ বরং, হাইকোর্ট পুলিশের কাছে কেইস ডায়েরি চেয়েছিল৷ আজ আদালতে বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে বাদল চৌধুরীর জামিনের আবেদনের শুনানি শুরু হয়৷ এদিন শুরুতেই বাদল চৌধুরীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যী জামিনের পক্ষে জোর সওয়াল করেন৷ তেমনি, অ্যাডভোকেট জেনারেল অরুন কান্তি ভৌমিক বাদল চৌধুরীর জামিনের আবেদনের বিরোধিতা করেন৷ তাঁর বক্তব্য, বাদলবাবু যথেষ্ট প্রভাবশালী লোক৷ তাই, তাঁকে জামিন দেওয়া হলে মামলা প্রভাবিত হতে পারে৷


এদিকে, আজ দুপুর নাগাদ তদন্তকারী অফিসার ক্রাইম ব্রাঞ্চের ডিএসপি অজয় কুমার দাস বাদল চৌধুরীকে হাসপাতাল থেকে থানায় নিয়ে আসেন৷ পুলিশের দাবি, বাদল চৌধুরীকে হাসপাতাল ছুটি দিয়েছে৷ তাই তাকে পুলিশ হেপাজতে নিয়েছে৷ এদিন বাদল চৌধুরীকে পশ্চিম আগরতলা থানায় নিয়ে আসার সাথে সাথে থানা চত্ত্বরে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে দাবি পুলিশের৷


অন্যদিকে, বাদল চৌধুরীকে থানার লকআপে ঢুকানোর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি ফের অসুস্থ হয়ে পড়েন৷ বুকে ব্যথা অনুভব করছেন বলে তিনি পুলিশকে জানান৷ সঙ্গে সঙ্গে চিকিৎসকদের থানায় ডেকে আনে পুলিশ এবং চিকিৎসকরা তাঁকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন৷ সে মোতাবেক তাঁকে জি বি হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ হাসপাতালে ক্যাজুয়ালিটি বিভাগে তাঁকে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা বাদল চৌধুরীকে আইসিইউতে স্থানান্তর করেন৷ এখন তিনি ডাঃ রাজেশ দেববর্মার নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন৷ তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷


এদিকে, বাদল চৌধুরী অভিযোগ করেন, তাঁকে বলপূর্বক হাসপাতাল থেকে ছাড়িয়ে এনেছে পুলিশ এবং লকআপে তাঁকে মারধর করেছেন পশ্চিম আগরতলা থানার ওসি সুব্রত চক্রবর্তী৷ অবশ্য, এই সমস্ত বিষয়ে পুলিশ এখন কোন মন্তব্য করেনি৷ বাদল চৌধুরীর আইনজীবী জানিয়েছেন, হাসপাতালে তাঁর মক্কেলকে নিগৃহীত করা, সাথে বাদল চৌধুরীর স্ত্রীর সাথে দুর্ব্যবহার এবং থানার লকআপে মারধরের ঘটনা ত্রিপুরা হাইকোর্টে হলফনামা দিয়ে জানানো হয়েছে৷ আদালত এ-বিষয়ে বিচার করবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন৷


বাদল চৌধুরীর এই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছেন এডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক৷ তিনি বলেন, পুলিশ আইন মেনেই পদক্ষেপ নিচ্ছে৷ বাদল চৌধুরীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর পুলিশ তাকে থানায় নিয়ে গিয়েছে৷ তাতে, অমানবিকতা এবং বেআইনী কোন কাজ করেনি পুলিশ, দাবি করেন তিনি৷ বরং পুলিশের কাজে বাদল চৌধুরী অসহযোগিতা করেছেন বলে অভিযোগ এডভোকেট জেনারেলের৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top