
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ আবারো মর্মান্তিক যান দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের৷ মৃত কিশোরের নাম রঞ্জিত দাস৷ বয়স ১৩ বছর৷ গুরুতর ভাবে আহত নবজিৎ দাস নামে আরও এক কিশোর৷ ঘটনা কমলপুর থানার অন্তর্গত কুচাইনালা এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় এইদিন রঞ্জিত দাস ও নবজিৎ দাস একটি ইট বোঝাই গাড়িতে করে কুচাইনালা নিজ বাড়ি থেকে হালহালি এলাকায় এক ইট ভাট্টাতে যায় ইট আনার জন্য৷ সেখান থেকে গাড়ি করে ইট নিয়ে বাড়িতে আসার সময় কুচাইনালা জলেই সাপ্লাইয়ের সন্নিকটে দুর্ঘটনার কবলে পরে৷
এতে গাড়ির পিছনে থাকা রঞ্জিত দাস ও নবজিৎ দাস গুরুতর ভাবে আহত হয়৷ আহতদের সাথে সাথে নিয়ে আসা হয় কমলপুরস্থিত বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে৷ কিন্তু হাসপাতালের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রঞ্জিত দাসকে মৃত বলে ঘোষণা করে দেন৷
আশঙ্কা জনক অবস্থায় নবজিৎ দাসকে স্থানান্তর করা হয় কুলাই জেলা হাসপাতালে৷ ঘটনার খবর পেয়ে কমলপুরস্থিত বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে ছুটে যায় পুলিশ৷ এক পুলিশকর্মী জানান এই দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে এবং এক জনকে কুলাই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ ঘটনার তদন্ত চলছে৷ এইদিকে রঞ্জিত দাসের মৃত্যুতে শোঁকের ছায়া নেমে এসেছে কুচাই নালা এলাকায়৷

















