News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় যাত্রী পরিবহনে আমূল পরিবর্তন, অটোরিক্সায় বাতিল হচ্ছে রুট পারমিট, চালু হবে মিটার, নামছে ২৫টি টাউন বাস
Image

আগরতলায় যাত্রী পরিবহনে আমূল পরিবর্তন, অটোরিক্সায় বাতিল হচ্ছে রুট পারমিট, চালু হবে মিটার, নামছে ২৫টি টাউন বাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন ৷৷ আগরতলা শহরে যাত্রী পরিবহনে আমূল পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার৷ রুট পারমিট পদ্ধতি তুলে দিয়ে মিটার অটো চালুর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা৷ পাশাপাশি, বহু বছর বাদে ফিরছে টাউন বাস পরিষেবা৷ মিটার অটো চালুর সাথে টাউন বাস পরিষেবাও শুরু করতে চলেছে রাজ্য সরকার৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত জানিয়েছেন আইনমন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর কথায়, অটো চালক এবং যাত্রী, উভয়ের সুবিধায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

এদিন রতন লাল নাথ বলেন, আগরতলায় ৬৫৪৫টি অটোরিক্সা যাত্রী পরিবহনে নিয়োজিত রয়েছে৷ নির্দিষ্ট রুটে অটোরিক্সা যাতায়াতের অনুমতি রয়েছে৷ কিন্তু, আজ মন্ত্রিসভার বৈঠকে আগরতলা পুরনিগম এলাকার অটোরিক্সার ক্ষেত্রে রুট পারমিট ব্যবস্থা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পরিবর্তে আগরতলা পুরনিগম এলাকার ২৪১টি রুটে মিটার অটো চালু করা হবে৷

তাঁর কথায়, এতোদিন আগরতলা পুরনিগম এলাকার ২৪১টি রুটের জন্য পারমিট নিতে হতো৷ এই নির্দিষ্ট রুটের বাইরে গেলে অটোচালককে ২০০০ টাকা জরিমানা দিতে হতো৷ এর ফলে অটোচালকদের বিভিন্ন সমস্যা দেখা দিতো৷ মিটার অটো চালু হলে অটোচালকরা আগরতলা পুরনিগম এলাকার যে কোনও রুটে যেতে পারবেন৷ যাত্রীসাধারণ এবং অটোচালকদের সুুবিধা হবে বলেই মনে করছে মন্ত্রিসভা৷ তাই, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

আইনমন্ত্রীর দাবি, মিটার অটো ব্যবস্থা চালু হলে অটোতে উঠলেই ন্যুনতম ২০ টাকা যাত্রীকে দিতে হবে৷ তবে, তিনজন যাত্রী উঠলেও ওই ২০ টাকাই দিতে হবে৷ তাঁর কথায়, মিটার অটো চালু হলে ১.৫ কিলোমিটার পর্যন্ত ২০ টাকা ৩ জন যাত্রীর জন্য নির্দিষ্ট থাকবে৷ ১.৫ কিলোমিটার থেকে ৪.১৬ কিলোমিটার পর্যন্ত ভাড়া হবে ৩০ টাকা৷ ৪.১৬ কিলোমিটারের পরে ভাড়া প্রতি কিমি ৭ টাকা ২০ পয়সা করে নির্ধারিত হবে৷

এদিকে, অটো চালকদের জন্য নির্দিষ্ট পোষাক নির্ধারণ করা হবে৷ সমস্ত অটো চালক একই ধরনের পোষাক পরবেন৷ তাছাড়া, তাঁদের প্রত্যেককে আইডি কার্ড দেওয়া হবে৷ তিনি জানান, আজ মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এখন পরিবহন দপ্তর সমস্ত প্রক্রিয়া শেষে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে৷

তবে, যাত্রীদের স্বার্থের কথা চিন্তা করে মিটার অটোরিক্সার পাশাপাশি ২৫টি টাউন বাস শীঘই চালু করার সিদ্ধান্ত আজকের মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে, যোগ করেন আইনমন্ত্রী৷ তাঁর কথায়, টাউন বাস পরিষেবা আগরতলায় কার্য্যত উঠে গিয়েছে৷ কিন্তু, আগরতলায় ফের টাউন বাস পরিষেবা চালু করা হবে৷ মিটার অটো চালু হওয়ার একদিন আগে শহরে টাউন বাস পরিষেবা শুরু হবে৷ বাসগুলি সকাল সাড়ে ছ’টা থেকে রাত নয়টা পর্যন্ত বিভিন্ন রুটে চলাচল করবে৷ তিনি বলেন, ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে টাউন বাস পরিষেবা এবং মিটার অটো চালু হওয়ার কথা ছিল পূর্বতন সরকারের আমলেই৷ কিন্তু, পূর্বতন সরকার ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ পালন করেনি৷ তবে, বর্তমান সেই আদেশ পালনে পদক্ষেপ নিয়েছে৷

প্রসঙ্গত, অর্পণ সোসাইটি ত্রিপুরা হাইকোর্টে টাউন বাস পরিষেবা চালু করার জন্য মামলা করেছিল৷ ২০১৪ সালে হাইকোর্ট রাজ্য সরকারকে আগরতলা শহরে টাউন বাস পরিষেবা চালুর নির্দেশ দিয়েছিল৷ কিন্তু, তদানিন্তন সরকার সেই নির্দেশ কার্য্যকর করেনি৷ বর্তমান রাজ্য সরকার ত্রিপুরা হাইকোর্টের ওই নির্দেশ কার্য্যকরে উদ্যোগী হওয়ায় অর্পণ সোসাইটির পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে৷

Releated Posts

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top