News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত উন্নয়নে বরাদ্দ ১০৫.৫৮ কোটি অব্যয়িত, বিধানসভায় তোলপাড়
Image

পঞ্চায়েত উন্নয়নে বরাদ্দ ১০৫.৫৮ কোটি অব্যয়িত, বিধানসভায় তোলপাড়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ পঞ্চায়েতে খরচ হয়নি বরাদ্দ অর্থ৷ উন্নয়ন খাতে ১০৫ কোটি ৫৮ লক্ষ টাকা অব্যয়িত রয়েছে৷ এরজন্য বিরোধীদের দায়ী করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ জিলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি কাজ করছে না, তাই উন্নয়ন খাতে বরাদ্দ অর্থ খরচ হচ্ছে না৷ এই গুরুতর অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর দাবি, বিরোধীদের দখলে থাকা জিলা পরিষদ ও পঞ্চায়েতগুলি চরম অসহযোগিতা করছে৷ সাথে যোগ করেন, পূর্বতন সরকারের আমল থেকেই পঞ্চায়েত উন্নয়নে বরাদ্দ অর্থ অব্যয়িত রয়েছে৷ কিন্তু, এই অভিযোগ মানতে অস্বীকার করেন বিরোধীরা৷ তাদের বক্তব্য, নিরাপত্তাহীনতার কারণেই জিলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি কোনও কাজ করতে পারছে না৷ বিরোধীদের এই অভিযোগে ট্রেজারি বেঞ্চের সদস্যরা তীব্র আপত্তি জানান৷ তাতে আজ বিধানসভায় শাসক ও বিরোধী সদস্যদের মধ্যে তীব্র বাকবিতন্ডা হয়েছে৷ ট্রেজারি বেঞ্চের তরফে পঞ্চায়েত আইন মেনে নতুন করে জনগণের রায় নেওয়ার দাবী তোলা হয়েছে৷ মূলত, আজ পঞ্চায়েত উন্নয়নে বরাদ্দ অব্যয়িত রাখার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তোলেন ট্রেজারি বেঞ্চের সদস্যরা৷

২০১৬-১৭ থেকে ২০১৮-১৯-এর এখন পর্যন্ত পঞ্চায়েত উন্নয়ন তহবিল (পি ডি এফ) এবং চতুর্দশ অর্থ কমিশনের (এফ এফ সি) ১০৫.৫৮ কোটি টাকা অব্যয়িত রয়েছে বলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ রাজ্য বিধানসভায় জানিয়েছেন৷ কোনও কোনও জিলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও ব্লক উপদেষ্টা কমিটি স্তরে সভা না হওয়ার কারণে এই টাকা অব্যয়িত রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন৷ তিনি জানান, পঞ্চায়েত উন্নয়ন তহবিলে জিলা পরিষদে ১৮৭ কোটি, ব্লকস্তরে ৬.৮৭ কোটি এবং গ্রামস্তরে ১৫.৭৫ কোটি টাকা অব্যয়িত রয়েছে৷ সব মিলিয়ে পঞ্চায়েত উন্নয়ন তহবিলে অব্যয়িত অর্থের পরিমাণ হচ্ছে ২৪৪৯ কোটি টাকা৷ তিনি জানান, ২০১৬-১৭ থেকে ২০১৮-১৯-এর এখন পর্যন্ত গ্রাম পঞ্চায়েতে চতুর্দশ অর্থকমিশনে (এফ এফ সি) অব্যয়িত অর্থের পরিমাণ হচ্ছে ৮১.০৯ কোটি টাকা৷

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ রাজ্য বিধানসভায় জানান, ২০১৮ সালের মার্চ মাসে নতুন সরকার ক্ষমতায় আসার পর ত্রিস্তর পঞ্চায়েত ও ভিলেজ কমিটির নির্বাচিত সদস্য-সদস্যাদের অধিকাংশের মধ্যে অসহযোগিতার মনোভাব পরিলক্ষিত হচ্ছে৷ যার ফলস্বরূপ বিভিন্ন স্তরে সভার কাজ সঠিকভাবে করা যায়নি এবং প্রকল্প রূপায়ণে বিলম্বিত হয়েছে৷ তিনি বলেন, ত্রিপুরা পঞ্চায়েত আইন ১৯৯৩-র ধারা ১৩৯-র (১) উপধারা মোতাবেক প্রত্যেক জিলা পরিষদের প্রতি তিন মাসে অন্তত একবার সাধারণসভা করার কথা৷ ২০১৮ সালের মার্চ মাস থেকে এখন পর্যন্ত ৮টি জিলা পরিষদে সাধারণসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ৩২টি৷ কিন্তু সভা অনুষ্ঠিত হয়েছে ৯টি৷ খোয়াই ও দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদে কোনও সাধারণ সভা হয়নি৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা পঞ্চায়েত আইন ১৯৯৩-র ধারা ১৫৬-র (৩) উপধারা মোতাবেক জিলা পরিষদের কার্যনির্বাহী সভা দুই মাসে অন্তত একবার জিলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা৷ ২০১৮ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ৮টি জিলা পরিষদে মোট কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ৪৮টি, কিন্তু সভা হয়েছে ১২টি৷ ঊনকোটি, খোয়াই ও সিপাহীজলা জিলা পরিষদে কোনও কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়নি৷

মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা পঞ্চায়েত আইন ১৯৯৩-র ধারা ৮৭-র উপধারা (১) মোতাবেক প্রত্যেক প’ায়েত সমিতির দুই মাসে অন্তত একবার সাধারণসভা অনুষ্ঠিত হওয়ার কথা৷ ২০১৮ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ৩৫টি পঞ্চায়েত সমিতিতে মোট সাধারণসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ২১০টি৷ কিন্তু সভা অনুষ্ঠিত হয়েছে ৫৯টি৷ ডুকলি, বক্সনগর, রাজনগর, ঋষ্যমুখ ও পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতিতে কোনও সাধারণসভা অনুষ্ঠিত হয়নি৷

মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা পঞ্চায়েত (প্রশাসন) বিধি ১৯৯৪-র ধারা ৪৪-র (১) উপধারা মোতাবেক পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী কমিটির সভা মাসে অন্তত ১টি হওয়ার কথা৷ ২০১৮ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ৩৫টি পঞ্চায়েত সমিতিতে মোট কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ৪২০টি৷ কিন্তু সভা অনুষ্ঠিত হয়েছে ৩৮টি৷ কদমতলা, চণ্ডীপুর, সালেমা, দুর্গাচৌমুহনি, খোয়াই, কল্যাণপুর, জিরানীয়া, পুরাতন আগরতলা, মোহনপুর, বক্সনগর, মোহনভোগ, জোলাইবাড়ি, ঋষ্যমুখ, সাতচাঁদ ও পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতিতে কোনও কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়নি৷ মুখ্যমন্ত্রী জানান, ২০১৮ সালের মার্চ মাস থেকে এখন পর্যন্ত ৪০টি ব্লক উপদেষ্টা কমিটিতে মোট সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ৪৮০টি৷ কিন্তু সভা অনুষ্ঠিত হয়েছে ৭৯টি৷ কুমারঘাট, আমবাসা, গঙ্গানগর, মুঙ্গিয়াকামী, লেফুঙ্গা, জম্পুইজলা, মোহনভোগ, কাঁঠালিয়া ও বকাফা ব্লক উপদেষ্টা কমিটিতে কোনও সাধারণসভা অনুষ্ঠিত হয়নি৷

মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য এবং বক্তব্যের সাথে একমত হননি বিরোধীরা৷ বিরোধী উপনেতা বাদল চৌধুরীর অভিযোগ নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করতে পারছেন না, কারণ তারা নিরাপত্তাহীনতায় ভোগছেন৷ বিরোধীদের দখলে থাকা জিলা পরিষদ কিংবা পঞ্চায়েত সমিতিতে জনপ্রতিনিধিদের কাজ করতে দেওয়া হচ্ছে না৷ বিরোধী বিধায়ক তপন চক্রবর্তীও একই সুরে অভিযোগ করেছেন৷ রাজ্য সরকারের কাছে তাঁরা বিরোধী জনপ্রতিনিধিদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার দাবী জানিয়েছেন৷ কিন্তু, বিরোধীদের সমস্ত অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন এবং পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ ষড়যন্ত্রের অভিযোগ এনে বিরোধীদেরই বিঁধেছেন৷ পরিষদীয় মন্ত্রীর বক্তব্য, ১০৫ কোটি টাকা পঞ্চায়েত উন্নয়নে অব্যয়িত রেখে বিরোধীরা রাজ্য সরকারের প্রতি সাধারণ জনগণকে ক্ষেপিয়ে দিচ্ছেন৷ স্বাস্থ্যমন্ত্রীর দাবি, এই ঘটনায় পরিষ্কার রাজ্য সরকারের প্রতি ষড়যন্ত্র করা হচ্ছে৷ নিরাপত্তাহীনতার অজুহাত দিয়ে দায়িত্ব থেকে দূরে সরে থাকছেন বিরোধী জনপ্রতিনিধিরা৷ তিনি বলেন, আইনগত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত৷ পঞ্চায়েত মন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী বলেন, পঞ্চায়েত উন্নয়নে কাজ কেন হচ্ছে না তা যথেষ্ট চিন্তার বিষয়৷ এর সমাধানের পথ খঁুজে বের করা উচিত৷ পঞ্চায়েত উন্নয়নে বরাদ্দ অর্থ অব্যয়িত রাখার জন্য বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল উঠায় ট্রেজারি বেঞ্চ ও বিরোধী বিধায়কদের মধ্যে তীব্র বাক বিতন্ডা হয়৷ শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই বিষয়ে আইনগত সমস্ত দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে৷ কারণ, প্রশ্ণ উঠেছে, পূর্বতন সরকারের আমল থেকেই অর্থ অব্যয়িত রয়েছে৷

Releated Posts

ভিলেজ কমিটির তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ, ভোট ২৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভোটগ্রহণ প্রক্রিয়া বিস্তারিতভাবে পর্যালোচনার পর ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন তিনটি ভিলেজ কমিটির তিনটি আসনের আওতাধীন…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top