নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): মধ্যবিত্তের মাথায় দুঃশ্চিন্তা বাড়িয়ে পেট্রোপণ্যের দাম ক্রমশই উর্ধ্বমুখী| পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলির ডাকা ‘ভারত বনধ’-এর ভালোই প্রভাব পড়ল দেশজুড়ে| তবে, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি-র মতে, ‘‘ভারত কখনই ‘বনধ’ হবে না| প্রগতির সঙ্গে সঙ্গে চলতেই থাকবে|’’ লোকসভা ভোটের প্রাক্কালে বিরোধী দলগুলিকে একজোট করে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে প্রথম যৌথ আন্দোলনে নেমেছে কংগ্রেস| কংগ্রেসের ডাকা ‘ভারত বনধ’ সমর্থন করেছে ডিএমকে, এমডিএমকে, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল| বিরোধী রাজনৈতিক দলগুলির ‘মহাজোট’-কে খোঁচা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি বলেছেন, ‘‘তাঁদের ‘মহাজোট’ বেলুন খুব শীঘ্রই ফেটে যাবে|’’‘ভারত বনধ’-এর সমর্থনে দিল্লিতে সকাল সকাল মিছিল করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| প্রতিবাদে সামিল হন সোনিয়া গান্ধী ও মনমোহন সিং-সহ কংগ্রেস নেতৃত্ব| সোমবার সকালে রাজঘাট থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিল করে কংগ্রেস| রাজ্য কংগ্রেসের নেতৃত্বে সর্বদলীয় ধর্নায় অংশ নেন শরদ পওয়ার, শরদ যাদব, সুখেন্দু শেখর রায়, তারিক আনোয়ার ও জয়ন্ত চৌধুরীরা| ‘ভারত বনধ’ প্রতিবাদ-বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘নরেন্দ্র মোদীজী এখন চুপ করে রয়েছেন| জ্বালানির মূল্যবৃদ্ধি অথবা কৃষকদের বর্তমান অবস্থা নিয়ে তিনি একটি কথাও বলছেন না|’
