সাত সকালেই দুঃসংবাদ, গাড়ি দুর্ঘটনায় প্রয়াত রামা রাও-এর ছেলে নন্দমুরি হরিকৃষ্ণ

হায়দরাবাদ, ২৯ আগস্ট (হি.স.): সাত সকালেই ভয়াবহ দুর্ঘটনা| অকালেই প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র নেতা নন্দমুরি হরিকৃষ্ণ| বুধবার সকালে তেলেঙ্গানার নালগোণ্ডা জেলায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জনপ্রিয় এই অভিনেতা-রাজনীতিকের| প্রয়াত অভিনেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ নন্দমুরি হরিকৃষ্ণ হলেন অন্ধ্রপ্রেদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন টি রামা রাও-এর পুত্র এবং অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাৱু নাইডু-র শ্যালক|

নালগোণ্ডা পুলিশ সুপার এ ভি রঙ্গনাথ জানিয়েছেন, বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সকালে হায়দরাবাদ থেকে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার কাভালি অভিমুখে যাচ্ছিলেন ৬২ বছর বয়সি এই রাজনীতিক| নালগোণ্ডা হাইওয়ে ধরে অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল গাড়িটি,আচমকাই বেসামাল গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং রাস্তার উপরই উল্টে যায়| দুর্ঘটনার পরই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় নন্দমুরি হরিকৃষ্ণকে নারকাটপল্লির কামিনেনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়| কিন্তু, শেষরক্ষা হয়নি| হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন| কামিনেনি হাসপাতালের ডেপুটি মেডিক্যাল অফিসার আমির খান জানিয়েছেন, ‘মাথায় মারাত্মক চোট পান নন্দমুরি হরিকৃষ্ণ| আমাদের সন্দেহ মাথার ভিতরেও রক্তক্ষরণ হয়েছে| তবে, মৃত্যুর কারণ সম্পর্কে এখনই বিশদে কিছু বলা সম্ভব নয়|’ পুলিশের ধারণা, হরিকৃষ্ণ নিজেই গাড়িটি চালাচ্ছিলেন| কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল গাড়িটি, তা তদন্ত করে দেখছে পুলিশ|

জনপ্রিয় টলিউড অভিনেতা তথা টিডিপি নেতা নন্দমুরি হরিকৃষ্ণ বহু তেলেগু ছবিতে অভিনয় করেছিলেন| হরিকৃষ্ণের দুই ছেলে তারকা রামা রাও ও কল্যাণরাম-ও জনপ্রিয় টলিউড অভিনেতা. সাত সকালে বাবার মৃত্যুর খবর পাওয়া মাত্রই তাঁরা সঙ্গে সঙ্গে হাসপাতালে যান| ২০০৯ সালে পথ দুর্ঘটনায় আহত হয়েছিলেন জুনিয়র এনটিআর-ও| তাছাড়া ২০১৪ সালে পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল হরিকৃষ্ণের আর এক পুত্র নন্দমুরি জানকিরামের|