নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ শরিকি বিবাদে ফের রাজ্যে উত্তেজনা ছড়ালো৷ বিজেপি ও আইপিএফটি কর্মীদের সংঘর্ষে শান্তিরবাজার
মহকুমার মনপাথর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছিল৷ সংঘর্ষে উভয় দলের ৭জন আহত হয়েছেন৷ উত্তেজিত হয়ে একটি বাইক ভাঙচুর করা হয়েছে৷ শরিকি সংঘর্ষে মঙ্গলবার মনপাথর এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷
এদিন চাকমাছড়া পঞ্চায়েতে কাজ বন্টন নিয়ে বিজেপি ও আইপিএফটির মধ্যে সংঘর্ষ হয়৷ জানা গেছে, আইপিএফটি কর্মীরা কাজ বন্টন নিয়ে আলোচনা করার সময় বিজেপি কর্মীরাও তাতে অংশ নিতে যান৷ তখন তাদের মধ্যে বাকবিতন্ডা হয়৷ এক সময় পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়৷ দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতিতে উভয় দলের ৭জন আহত হয়েছেন৷ উত্তেজিত কর্মীরা সেই খানে একটি বাইক ভাঙচুর করেছেন৷ যাত্রী বাহি একটি কমান্ডার জিপে ঢিল ছুড়ে কাঁচ ভেঙে দেয়৷ জানা গেছে, খবর পেয়ে শান্তিবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ আহতদের উদ্ধার করে প্রথমে তুইকোরমা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছিল৷ সেখান থেকে ৫ জনকে উদয়পুরে ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, আহতদের আঘাত মারাত্মক নয়৷ এদিনের ঘটনায় কোনও মামলাও হয়নি বলে জানিয়েছে পুলিশ৷



















