News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত মামলা : হাইকোর্টে ধাক্কা খেল নির্বাচন কমিশন ও রাজ্য সরকার, নতুন করে বিজ্ঞপ্তি জারির নির্দেশ
Image

পঞ্চায়েত মামলা : হাইকোর্টে ধাক্কা খেল নির্বাচন কমিশন ও রাজ্য সরকার, নতুন করে বিজ্ঞপ্তি জারির নির্দেশ

কলকাতা, ২০ এপ্রিল (হি.স.): শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গল বেঞ্চে জোর ধাক্কা খেল নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার । কমিশনের ১০ তারিখের বিজ্ঞপ্তি হাইকোর্টে খারিজ হয়ে গেল । কমিশনের পূর্ব ঘোষিত নির্ঘণ্ট খারিজ করে দিলেন বিচারপতি সুব্রত তালুকদার । নতুন করে মনোনয়ন জমার দিন ঘোষণা করতে নির্দেশ দিলেন তিনি । একইসঙ্গে পঞ্চায়েত ভোটের নতুন নির্ঘণ্ট ঘোষণা করতেও নির্দেশ দিলেন বিচারপতি সুব্রত তালুকদার । মনোনয়নের নতুন দিন ঘোষণার জন্য কমিশনকে নির্দেশ। রায়ের কপি হাতে পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানাল রাজ্য নির্বাচন কমিশন । হাইকোর্টের এই রায়কে নিজেদের নৈতিক জয় হিসেবে দেখছে বিজেপি সহ বিরোধীরা । এখন যথেষ্ঠ চাপে শাসকদল ।
হাইকোর্টের রায়ের পর এটা স্পষ্ট কোনওভাবেই পয়লা মে শুরু হচ্ছে না পঞ্চায়েত নির্বাচন ৷ অর্থাৎ,ভোট গ্রহণ হচ্ছে না ১, ৩, ৫ মে । পিছোছে পঞ্চায়েত ভোট ৷ এদিন ৩৫ পাতার রায় পড়ে শোনান বিচারপতি । মনোনয়ন পর্বে বিরোধীদের তোলা হিংসার অভিযোগকে মান্যতা দেন বিচারপতি সুব্রত তালুকদার । কমিশনের ১০ এপ্রিলের নির্দেশ খারিজ করে দেয় সিঙ্গল বেঞ্চ । ৯ এপ্রিল রাতে মনোনয়ন জমার সময়সীমা বাড়িয়েও, ১০ এপ্রিল সকালে তা ফের প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল কমিশন । এদিন বিচারপতি সুব্রত তালুকদার নির্দেশ দেন, ইচ্ছুক প্রতিনিধিদের ভোটে লড়ার সুযোগ করে দিতে হবে । সেই কারণে বাড়াতে হবে মনোনয়ন জমার সময়সীমা । তবে সেইসঙ্গে আদালত সুস্পষ্ট করে এটাও জানিয়েছে যে, ইতিমধ্যেই যেসব বৈধ মনোনয়ন জমা পড়েছে ও যে মনোনয়নপত্রগুলির পরীক্ষাপর্ব সমাপ্ত হয়েছে, সেগুলি মোটেই বাতিল করা হচ্ছে না । যতদিন সেই অতিরিক্ত একদিন মনোনয়ন পেশের সুযোগ না দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া শুরু করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন ।
মনোনয়পর্বে হিংসা, মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েও কমিশনের পরে তা প্রত্যাহার করে নেওয়া সহ একাধিক ইস্যুতে আদালতের দ্বারস্থ হয় বিরোধীরা । হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয় বিজেপি । তবে ১১ এপ্রিল সুপ্রিম কোর্ট পঞ্চায়েত মামলা ফিরিয়ে দেয় হাইকোর্টেই । বিরোধীদের সব অভিযোগ ও কমিশনের যুক্তি শুনে পঞ্চায়েত মামলার দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেয় শীর্ষ আদালত ।
এরপরই ১২ এপ্রিল পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করে বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গল বেঞ্চ । সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । ভারতীয় সংবিধানের ২৪৩(ও) ধারাকে তুলে ধরে তিনি দাবি করেন, নির্বাচন প্রক্রিয়া একবার শুরু হয়ে গেলেও দেশের কোনও আদালত তাতে আর হস্তক্ষেপ করতে পারে না । তাই ডিভিশন বেঞ্চের কাছে অবিলম্বে সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজের আর্জি জানান তিনি ।
তবে ডিভিশন বেঞ্চ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ করে ১৬ এপ্রিল ফের সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠায় পঞ্চায়েত মামলা । একইসঙ্গে সিঙ্গল বেঞ্চকে নির্দেশ দেয়, প্রয়োজনে রোজ শুনানি করে দ্রুত পঞ্চায়েত মামলার নিষ্পত্তি করতে । তারপর থেকে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা তিনদিন রোজ সিঙ্গল বেঞ্চে পঞ্চায়েত মামলার শুনানি হয় । বামেরা আদালতে বলে, নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালন করছে না । বিজেপির তরফে মনোনয়নের দিন বাড়ানোর দাবিও করা হয় আদালতে । বৃহস্পতিবার শুনানি পর্বের শেষে শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদার বিকেল সাড়ে ৪টেয় রায় ঘোষণা করেন । তবে, ভোটের নতুন দিন নিয়ে কলকাতা হাইকোর্ট কিছু বলেনি । ফলে পুরোটাই এখন রাজ্য নির্বাচন কমিশনের কোর্টে । স্বাভাবিক ভাবেই নির্বাচনের দিনক্ষণে পরিবর্তন আনতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে । এখন মামলার রায়ের বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশন উচ্চতর আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিলে আইনি জটিলতা আরও বাড়তে পারে বলেই কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবিদের ধারনা ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top