ভোপাল, ৪ এপ্রিল (হি.স.): চলতি বছরেই মধ্যপ্রদেশ বিধানসভা নির্বচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে বড়সড় রাজনৈতিক চমক দিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেই অনুযায়ী রাজ্যের পাঁচ ধর্মগুরুকে রাষ্ট্রমন্ত্রী মর্যাদা দিলেন তিনি। বাবা নর্মদানন্দ, বাবা হরিহরানন্দ, কম্পুটার বাবা, ভাইয়া মহারাজ, পন্ডিত যোগেন্দ্র মহন্ত এবার থেকে রাষ্ট্রমন্ত্রীর মর্যাদা পাবে। রাজ্যের মন্ত্রিসভার সমস্ত ক্যাবিনেট বৈঠকে এবার থেকে উপস্থিত থাকতে পারবেন এই পাঁচ ধর্মগুরু। সূত্রের দাবি এই পাঁচ ধর্মগুরুর অনুগামীদের ভোটগুলিকে নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এর আগে গত ৩১ মার্চ পানীয় জল সংরক্ষণ, স্বচ্ছতা এবং নর্মদা নদী সংলগ্ন এলাকায় সবুজায়নের প্রসঙ্গে রাজ্যবাসীকে সচেতন করতে ওই পাঁচ ধর্মগুরুকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করে রাজ্য সরকার। প্রসঙ্গত ধর্মের সঙ্গে পরিবেশ সংরক্ষণকে জুড়ে জনসচেতনা বৃদ্ধি করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার।

