News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পালাবদলের সাথে সাথে দূর্গ ভাঙছে সিপিএমের, গণহারে ইস্তফা গ্রামের পঞ্চায়েত প্রতিনিধিদের
Image

রাজ্যে পালাবদলের সাথে সাথে দূর্গ ভাঙছে সিপিএমের, গণহারে ইস্তফা গ্রামের পঞ্চায়েত প্রতিনিধিদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম/খোয়াই/কৈলাসহর,২২ মার্চ৷৷ রাজ্যে ক্ষমতার পালাবদলের সাথে সাথে সিপিএমের দূর্গ একের পর এক ভাঙছে৷

চড়িলামের বিডিও’র কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সিপিএমের নির্বাচিত আটজন জনপ্রতিনিধি৷ নিজস্ব ছবি৷

টানা পঁচিশ বছরের শাসনে গ্রাম পাহাড়ে বামেদের যে ভিত তৈরী হয়েছিল তা ভেঙে খানখান হয়ে যাচ্ছে৷ একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়ে যাচ্ছে বামেদের৷ গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রতিনিধিরা গণহারে ইস্তফা দিচ্ছেন৷  কৈলাসহর থেকে শুরু করে খোয়াই, বিশ্রামগঞ্জ দিকে দিকে পঞ্চায়েতগুলিতে গণহারে ইস্তফা দিচ্ছেন নির্বাচিত প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য সদস্যারা৷ গ্রাম যে সিপিএমের সাংগঠনিক ভিত ছিল তা আজ রাজ্যে ক্ষমতার পালাবদলের সাথে সাথেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে৷

রাজ্যে ক্ষমতা বদলের পর পঞ্চায়েত গুলিতে চলছে পদত্যাগের হিড়িক৷ কেউ শারীরিক অসুস্থতার কথা বলে, কেউ পারিবারিক সমস্যার কথা বলে কিংবা অন্য কোন কারণ দেখিয়ে পঞ্চায়েতগুলি থেকে পদত্যাগ করছেন৷ বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্ট সমর্থিত ১২ জন সদস্য সদস্যার মধ্যে ৮ জন সদস্য সদস্যা পদত্যাগ করেন৷ যার ফলে বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বামেদের৷ এই ৮ জন সদস্য সদস্যা পদত্যাগ পত্র তুলে দেন চড়িলামের বিডিও বিকি সাহার কাছে৷ যারা বিডিও’র হাতে পদত্যাগ পত্র তুলে দেন তারা হলেন বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর রঞ্জন দত্ত, উপ-প্রধান রানী বালা দেববর্মা৷ সেই সাথে পদত্যাগ পত্র তুলে দেন পঞ্চায়েত সদস্য স্বর্ণকমল দে, রুহেল আলম, কৃষ্ণ দেবনাথ, নীলিমা দত্ত সদস্যা, স্বপ্ণা সরকার এবং সবিতা দত্ত৷ এরা সবাই ব্যক্তিগত সমস্যার কথা তুলে পদত্যাগ পত্র দেন৷ যার ফলে এখন থেকে বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতটি বামেদের হাতছাড়া হয়েছে৷ তবে চড়িলাম ব্লকের মধ্যে আরও ১০টি ভিলেজ কমিটি এবং ১০টি গ্রাম পঞ্চায়েত রয়েছে৷ এখন দেখার বিষয় ঐ গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির নির্বাচিত জনপ্রতিনিধিরা কি পদক্ষেপ নেয়৷ সেই প্রশ্ণই আজ ঘুরপাক খাচ্ছে গোটা চড়িলাম এলাকায়৷ এলাকাবাসীর বক্তব্য হল নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত নির্বাচিত জন প্রতিনিধিরা গ্রাম পঞ্চায়েতগুলিতে আসছেন না৷ তাহলে উন্নয়ন মূলক কাজ কি করে হবে? অথচ ক্ষমতার পালাবদলের পর নতুন সরকার সময়ের কাজ সময়ে শেষ করা ও একটি স্বচ্ছ প্রশাসন জনগণকে উপহার দেওয়ার জন্য নানা কর্মসূচী গ্রহনের পথে হাটছে৷

দীর্ঘ ২৫ বছর বাদে রাজ্যে পালাবদল হয়েছে৷ বামফ্রন্টকে পরাস্ত করে বিজেপি তার জোট সঙ্গী আইপিএফটিকে নিয়ে রাজ্যের মসনদ দখল করেছে৷ ৩রা মার্চ এর পর থেকেই রাজ্যের তৎকালীন ক্ষমতাসীন সিপিআই(এম) এর দলীয় অফিস থেকে ইউনিয়ন অফিস অধিকাংশই দখল করে নিয়েছে বিজেপি-আইপিএফটি কর্মী-সমর্থকরা৷ পাশাপাশি রাজ্যজুড়ে বিভিন্ন পঞ্চায়েত, এডিসি ভিলেজ কমিটি, পঞ্চায়েত সমিতি, জিলা পরিষদ ও পুর পরিষদ এর সদস্য-সদস্যাদের গণহারে পদত্যাগের পালা শুরু হয়েছে৷ নানান অজুহাতে গ্রাম ও শহরের সিপিআই(এম) পরিচালিত পঞ্চায়েত ও পুর পরিষদের সদস্য-সদস্যারা পদত্যাগ করতে শুরু করেছেন৷

গত ১৭ ই মার্চ থেকে খোয়াই ব্লকের অধীন ২৫ টি পঞ্চায়েতের মধ্যে ১৮টি পঞ্চায়েতের ১৪৪ জন পঞ্চায়েত সদস্য-সদস্যা, প্রধান, উপপ্রধানরা পদত্যাগ করেছেন বলে জানালেন খোয়াই ব্লক সমিষ্টি উন্নয়ন আধিকারিক পৃথ্বিরাজ দেবনাথ৷ বিডিওর কাছেই পদত্যাগ পত্র তুলে দেন তারা৷ এরমধ্যে পদত্যাগ করেছেন বাগান পঞ্চায়েতের ৮ জন, বারবিল ৭ জন, দক্ষিণ সিঙ্গিছড়া ৯ জন, ধলাবিল ৮ জন, গৌরনগর ৭ জন, জাম্বুরা ৫ জন, মধ্য গণকী ১০ জন, মধ্য সিঙ্গিছড়া ১ জন, পহরমুড়া ৯ জন, পশ্চিম গণকী ৯ জন, পশ্চিম সিঙ্গিছড়া ৯ জন, পশ্চিম সোনাতলা ১১ জন, সমতল পদ্মবিল ৯ জন, সিপাইহাওড় ৭ জন, সোনাতলা ৯ জন, উত্তর সিঙ্গিছড়া ৮ জন সহ মোট ১৪৪ জন পঞ্চায়েত সদস্য-সদস্যা ইতিমধ্যে পদত্যাগ করেছেন৷ এছাড়া খোয়াই পুর পরিষদের ১, ৩ ও ১৩ নং আসনের কাউন্সিলাররাও পদত্যাগ করেছেন৷ পুর পরিষদের সিইও অভিজিৎ রিয়াংয়ের নিকট তারা পদত্যাগ পত্র তুলে দেন৷ এছাড়া খোয়াই পঞ্চায়েত সমিতির ৪ জন ও জিলা পরিষদের ১ জন সদস্য পদত্যাগ করেছেন বলে জানালেন খোয়াইরে বিডিও পৃথ্বিরাজ দেবনাথ৷

অধিকাংশ ক্ষেত্রেই পারিবারিক সমস্যাকে সামনে রেখে এই পদত্যাগ অব্যহত রয়েছে৷ যদিও কেউ কেউ বলছেন আগামী দিনে রাজ্যের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে পঞ্চায়েত, এডিসি ভিলেজ কমিটিগুলির প্রধান, উপ-প্রধানরা এবং পঞ্চায়েত সমিতি, জিলা পরিষদ ও পুর পরিষদের সদস্য ও কাউন্সিলাররা পদত্যাগ করছেন বলে জানাচ্ছেন৷ তবে কাগজে – পত্রে পারিবারিক সমস্যাকেই তুলে ধরে পদত্যাগ করছেন তারা৷

কৈলাসহর মহকুমার চন্ডিপুর ব্লকের ডিসি নগর গ্রাম পঞ্চায়েত সিপিআইএম দলের হাত ছাড়া হওয়ার সম্ভাবনা৷ পঞ্চায়েতের বিজেপি দলের তিন সদস্য ও সিপিআইএম দলের পাঁচজন সদস্য একত্রিত ভাবে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন৷ মোট বার সদস্য বিশিষ্ট বিসি নগর গ্রাম পঞ্চায়েত এখন হাতছাড়া হয়ে যাবে তা মাত্র সময়ের অপেক্ষা৷ আট জন সদস্য প্রধানের বিরুদ্ধে জেলা পঞ্চায়েত অধিকারীকের নিকট সাক্ষরকৃত অনাস্থা পত্র জমা দেওয়া হয়৷ আইনি প্রক্রিয়া শুরু হবে৷ রাজ্যে একের পর এক গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম দলের সদস্যের দলত্যাগ ও পদত্যাগের যে হিড়িক পড়েছে তাতে বোঝা যাচ্ছে আগামী পঞ্চায়েত নির্বাচনে পূর্বেই বর্তমান শাসক দলের অনুকূলে অনেক পঞ্চায়েত চলে আসবে৷ চন্ডিপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য ও গ্রাম পঞ্চায়েতের আরও অনেক সদস্য পদত্যাগ করবেন বলে জানা গেছে৷ প্রয়াত সিপিএম নেতা  বৈদ্যনাথ মজুমদারের গড়া এই ব্লক এলাকাটিতে কংগ্রেস কোনদিন সম্মান জনক পরাজয় হাসিল করতে পারেনি৷ কিন্তু আজ পালাবদল হতেই শুরু হল একের পর এক পদত্যাগের হিড়িক৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top