News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিক হত্যা মামলায় সিবিআই তদন্তের দাবী মেনে নেয়ায় ১৭০ দিনের টানা আন্দোলন প্রত্যাহার
Image

সাংবাদিক শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিক হত্যা মামলায় সিবিআই তদন্তের দাবী মেনে নেয়ায় ১৭০ দিনের টানা আন্দোলন প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ ৷৷ সাংবাদিক হত্যার প্রতিবাদে টানা ১৭০ দিনের আন্দোলন প্রত্যাহার করা হয়েছে৷ নতুন সরকার রবিবার এই হত্যার বিষয়ে সিবিআই তদন্তের দাবি মেনে নেওয়ায় কর্মরত সাংবাদিকরা আন্দোলন প্রত্যাহার করে নেন৷ পাশাপাশি রাজ্যের নতুন সরকারকে সাধুবাদ জানিয়েছেন সাংবাদিকরা৷ এউপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

প্রথমে সাংবাদিক শান্তনু ভৌমিক এবং পরে সুদীপ দত্ত ভৌমিকের প্রতিকৃতিতে সাংবাদিকরা টানা ১৭০ দিন ধরে প্রতিদিন প্রদীপ প্রজ্জ্বলন করে আসছিলেন৷ ১৭১ দিনের মাথায় এই আন্দোলন কর্মসূচি রবিবার প্রত্যাহার করা হয়েছে৷ শনিবার রাজ্যের নবগঠিত বিজেপি পরিচালিত এনডিএ সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নেয়৷ এরপরই আন্দোলনরত সাংবাদিকরা এক বৈঠক করে আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেন৷

সেই অনুযায়ী রবীন্দ্র ভবনের কাছে শহীদ স্কোয়ারে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং আইন মন্ত্রী রতন লাল নাথ৷ অনুষ্ঠানে সাংবাদিকরা তাঁদের এতদিনের আন্দোলন কর্মসূচির বিস্তারিত বিবরণ দেন৷

এদিন বিপ্লব দেব তাঁর ভাষণে বলেন, নতুন সরকারকে এই জন্য ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই৷ কারণ এটা সরকারের কর্তব্য ছিল৷ তাঁর কথায় সরকার নিরপেক্ষ হয়ে কাজ করবে৷ কোন দলের হয়ে কাজ করবে না৷ মন্ত্রিসভার প্রত্যেকটি সদস্যকে মানুষের জন্য নিরপেক্ষ হয়ে কাজ করার কথাও বলেন তিনি৷ আগামীদিনে সরকারের যেকোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হলে তা সাংবাদিকদের সচেতন ভাবে ওয়াকিবহাল করার অনুরোধও তিনি করেন৷ এর আগে রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ বলেন, নির্মম এই হত্যাকান্ডের পর থেকে চলে আসা ঘটনাগুলির তিনি সাক্ষী ছিলেন৷ কিন্তু এত দিন দেরি হয়ে যাওয়াটা কাম্য ছিলনা৷ সিবিআই তদন্ত আরও আগেই দেওয়ার দরকার ছিল৷ কিন্তু তৎকালীন সরকার ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করেনি৷ উল্লেখ করা যেতে পারে, রাজধানী আগরতলার অদূরে মান্দাই এলাকায় ২০ সেপ্ঢেম্বর তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক(২৮) এক রাজনৈতিক সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের ঘেরাটোপে নিহত হন৷ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছিল৷ রক্তাক্ত অবস্থায় পুলিশ শান্তনুকে উদ্ধার করে আগরতলায় জিবি হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন৷ এরপর ২১ নভেম্বর ত্রিপুরা স্টেট রাইফেলস দ্বিতীয় বাহিনীর প্রধান কার্যালয়ের ভেতরে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে(৫০) গুলি করে হত্যা করা হয়েছিল৷ এই হত্যার অভিযোগ বাহিনীর কমাড্যান্ট তপন দেববর্মার বিরুদ্ধেই৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top