ত্রিপুরার রাজ্যপালকে পশ্চিমবঙ্গে গিয়ে রাজনীতি করতে বলেছেন আরএসপি নেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ বামফ্রন্টের ডাকা কেন্দ্রীয় নির্বাচনী জমায়েতে যোগ দিতে আজ আগরতলায় এসেছেন আরএসপি-র সর্বভারতীয় নেতা মনোজ ভট্টাচার্য। আদর্শগত অবস্থান নিয়ে বিভিন্ন সময় সিপাআইএমের উপর আরএসপি বিরূপ মন্তব্য করলেও রবিবার তিনি ত্রিপুরার বামফ্রন্ট সরকারের যথেষ্ট গুণগান করেন।
মনোজ ভট্টাচার্য বলেন, কোনও শক্তিই ত্রিপুরায় বামেদের রুখতে পারবে না। যদিও ত্রিপুরায় বিভাজনের রাজনীতিকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। দেশের এক শতাংশ মানুষের জন্য কাজ করছে মোদী সরকার। শুধুমাত্র পুঁজিপতি সাম্রাজ্যবাদীদের জন্য কাজ করছে এই সরকার। ত্রিপুরার রাজ্যপালের দিকে আক্রমণ করে মনোজ ভট্টাচার্য বলেন, \”তিনি রাজনৈতিক দলের এজেন্ট হয়ে এ রাজ্যে এসেছেন। তাঁকে ত্রিপুরায় পাঠানো হয়েছে। তবে ত্রিপুরায় টিঁকতে পারবেন না। সাহস থাকলে পশ্চিমবঙ্গে গিয়ে রাজনীতি করুন। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বামেদের সৃষ্টি। আর এর মধ্য দিয়েই বামেদের রুখে দাঁড়াতে হবে, আরও শক্তিশালী হয়ে উঠতে হবে।
তিনি আরও বলেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে সচেতন থাকতে হবে।