শিকার (রাজস্থান), ১১ নভেম্বর (হি.স.): রাজস্থানের শিকার জেলায় প্রাইভেট গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন তিন জন যুবক| শুক্রবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে শিকার জেলার রামগড় পুলিশ স্টেশন এলাকায় ৫২ নম্বর জাতীয় সড়কে| দুর্ঘটনায় মৃত তিন জনের নাম হল আসিফ আলি (২৪), জীতেন্দ্র সাইনি (২২) এবং বিদ্যাধর পুনিয়া (২৮)| মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে|
রামগড় পুলিশ স্টেশনের এসএইচও ভগবান সিং জানিয়েছেন, ব্যবসায়িক কাজে শুক্রবার মান্দাবা এলাকায় গিয়েছিলেন তিন জন যুবক| ব্যবসায়িক কাজ শেষে শুক্রবার রাতে ৫২ নম্বর জাতীয় সড়ক ধরে গাড়িতে চেপে তাঁরা বাড়ি ফিরছিলেন| রাতের অন্ধকারে বাড়ি ফেরার সময় প্রাইভেট গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান আসিফ আলি, জীতেন্দ্র সাইনি এবং বিদ্যাধর পুনিয়া| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার জেরে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে অভিশপ্ত গাড়িটি| এছাড়াও যান চলাচল বিপর্যস্ত হয় জাতীয় সড়কে| পরে পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়|


















