সোনামুড়া, ৭ অক্টোবর: সোনামুড়া থানা এলাকার বিভিন্ন সীমান্ত সড়কে নিয়মিত টহলদারি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। টহল অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় মোট ৭৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোনামুড়া থানার অন্তর্গত বাতাডোলা, ইউএনসি নগর এবং ফকিরাদোলা সীমান্ত সড়ক এলাকায় নিয়মিত টহলদারি চালাচ্ছিল পুলিশ। সেই সময় সীমান্ত সড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় সন্দেহজনক কিছু প্যাকেট নজরে আসে পুলিশের।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে ওই প্যাকেটগুলি থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজা আইনানুগ প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত করেছে সোনামুড়া থানার পুলিশ।
তবে বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে সেখানে এল এবং কে বা কারা তা রেখে গিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রুখতে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
























