কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা কেন্দ্র ও ভোটগ্রহণ কেন্দ্রকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা রাস্তার উপর বড় বড় গাছ কেটে ফেলে রেখে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন করে দেয়।
জানা গেছে, কাঠালিয়া বাণিজ্যিক এলাকা থেকে থলি বাড়ি ভোটগ্রহণ কেন্দ্রের দূরত্ব প্রায় ছয় কিলোমিটার। ওই সড়কের মাঝামাঝি এলাকায় রাতের বেলায় কে বা কারা একটি বড় গাছ কেটে রাস্তার উপর ফেলে রাখে। ফলে সকাল থেকে ওই পথে যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা তৈরি হয়।
অন্যদিকে, থলি বাড়ি ভোটগ্রহণ কেন্দ্র থেকে পূর্ব দিকে জগৎরামপুর এডিসি ভিলেজের দিকে যাওয়ার সড়কেও একইভাবে বড় গাছ কেটে ফেলে রাখা হয় বলে অভিযোগ। এর ফলে দুই দিকের সড়কপথেই যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়।
সকালে বিষয়টি নজরে আসার পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, টিএসআর এবং পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তার উপর পড়ে থাকা গাছ সরানোর কাজে হাত লাগান। গাছ কেটে রাস্তা চলাচলের উপযোগী করতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যায়। সকাল ৭টা থেকে প্রায় ৯টা পর্যন্ত রাস্তা পরিষ্কারের কাজ চলে বলে জানা গেছে।
ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন এমন পরিস্থিতির সৃষ্টি হবে, তা কেউ কল্পনাও করতে পারেননি বলে স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য তৈরি হয়েছে।
এদিকে, এখনও ভোট গণনা সম্পূর্ণ হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে গণনা প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে।
অভিযোগ উঠেছে, রাস্তা অবরোধের সঙ্গে জড়িত দুষ্কৃতীরা ঘটনার পর থেকে এলাকায় গা-ঢাকা দিয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে থলি বাড়ি ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার চারপাশে তীক্ষ্ণ নজরদারি চালিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন জওয়ানরা।
























