আগরতলা, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। নির্বাচনের প্রাথমিক ফলাফলের প্রবণতা তুলে ধরে তিনি দাবি করেন, ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএর পক্ষেই রায় দিয়েছেন সাধারণ মানুষ।
রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। তারই প্রতিফলন নির্বাচনের ফলাফলেও দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, গোটা দেশেই বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি মানুষের সমর্থন রয়েছে এবং ত্রিপুরাতেও তার প্রভাব পড়েছে।
ভিলেজ কমিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনে এনডিএর শরিক বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি একসঙ্গে লড়াই করেছে। তাঁর দাবি, মানুষ এনডিএর পক্ষেই রয়েছে এবং প্রাথমিক ফলাফলেও তারই প্রতিফলন দেখা যাচ্ছে।
সাংসদ বলেন, “আজকে রেজাল্টের এখনো যে পরিণাম আসছে, তাতে আমরা উপলব্ধি করতে পারছি, দেখতে পারছি যে আমাদের এনডিএর জয় অবশ্যই সম্ভাব্য এবং এনডিএর জয় বিপুল পরিমাণে হচ্ছে।”
তবে চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য আরও কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি। তাঁর আশা, বিকেলের মধ্যেই নির্বাচনের ফলাফলের সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হয়ে যাবে।
রাজীব ভট্টাচার্যের দৃঢ় বিশ্বাস, ভিলেজ কমিটি নির্বাচনে ত্রিপুরার মানুষ এনডিএর পক্ষেই রায় দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের উন্নয়নের যে যাত্রা এগিয়ে চলেছে, তারই ধারাবাহিকতা ত্রিপুরার এই নির্বাচনের ফলাফলেও প্রতিফলিত হয়েছে বলে তিনি মনে করেন।



















