কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): পশ্চিম বর্ধমানের আন্দালের সিদুলি কোলিয়ারি এলাকায় সোমবার আচমকা খনির ভিতরে জল ঢুকে পড়ায় আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খনির সমস্ত শ্রমিককে বাইরে বের করে আনা হয়।
ঘটনায় দুই শ্রমিক আহত হন। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
সূত্রের খবর, ভূগর্ভস্থ খনির কোনও একটি অজ্ঞাত স্থান থেকে আচমকাই জল ঢুকতে শুরু করে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে কোলিয়ারি কর্তৃপক্ষ দ্রুত সমস্ত শ্রমিককে খনির বাইরে নিয়ে আসে।
এদিকে কোলিয়ারির সংলগ্ন এলাকাতেও আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ কম্পন অনুভূত হওয়া এবং জোরালো শব্দ শোনার অভিযোগ করেছেন। আতঙ্কে কেউ কেউ শিশু ও বয়স্কদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে অন্যত্র আশ্রয় নেন।
খনিতে জল ঢোকার ঘটনা এবং আশপাশের এলাকায় অনুভূত কম্পন ও শোনা শব্দের মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন বলে জানিয়েছেন আধিকারিকরা। তদন্ত শেষ হওয়ার পরই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা ইসিএল কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছে। খনিতে আকস্মিক জল ঢোকার কারণে বড় কোনও বিপদের আশঙ্কা রয়েছে কি না, পাশাপাশি আশপাশের এলাকায় কম্পন ও শব্দের প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত শ্রমিক নিরাপদে রয়েছেন এবং আহত দুই শ্রমিকের চিকিৎসা চলছে।



















