নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভয়াবহ খরা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যক্তিগত ও জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
শনিবার সমাজমাধ্যমে ১ অক্টোবরের ওই চিঠি প্রকাশ করে খাড়গে জানান, সেপ্টেম্বরে কর্ণাটকে বৃষ্টির ঘাটতি ৫৮ শতাংশে পৌঁছেছে। ব্যাপক ফসলহানি এবং রাজ্যের লক্ষ লক্ষ কৃষক পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।
খাড়গে জানান, আনুমানিক ১৮,৭৪৮.২৩ কোটি টাকার ক্ষতির প্রেক্ষিতে রাজ্য সরকার স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড (এসডিআরএফ) এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড (এনডিআরএফ)-এর আওতায় ৩,৭০৫.৩০ কোটি টাকা সহায়তা চেয়েছে।
তিনি কর্ণাটকে খরা ঘোষণা, দ্রুত ক্ষয়ক্ষতির মূল্যায়ন, কৃষকদের সুরক্ষা এবং পানীয় জলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। কল্যাণ কর্ণাটক এলাকায় কেন্দ্রীয় একটি দল দ্রুত পাঠিয়ে সরেজমিনে খরার ক্ষয়ক্ষতি যাচাই করারও দাবি জানান তিনি।
খাড়গে বলেন, “এনডিআরএফ ও এসডিআরএফ-এর নিয়ম অনুযায়ী কর্ণাটকের চাওয়া ৩,৭০৫.৩০ কোটি টাকা কোনও ধরনের অযৌক্তিক কাটছাঁট ছাড়াই অনুমোদন ও দ্রুত ছাড় করা হোক।”
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সহায়তা নিশ্চিত করার পাশাপাশি পুরনো ২০১৫-১৬ কৃষি জনগণনার পরিবর্তে কর্ণাটকের হালনাগাদ ভূমি রেকর্ড ‘ভূমি’-র ভিত্তিতে ইনপুট সাবসিডি হিসাব করার দাবি জানান তিনি।
কাবেরী অববাহিকা এবং জলবিদ্যুৎ প্রকল্পগুলির জলাধারে ঐতিহাসিকভাবে কম জলস্তরের কথা উল্লেখ করে পানীয় জলের নিরাপত্তা এবং বিকল্প বিদ্যুতের খরচের জন্য কেন্দ্রের কাছ থেকে অতিরিক্ত সহায়তাও দাবি করেছেন খাড়গে।
তিনি বলেন, রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে কর্ণাটকের ৩১ লক্ষেরও বেশি কৃষক পরিবারের দুর্দশার কথা মাথায় রেখে দ্রুত ও ন্যায্য সহায়তা দিতে হবে। খরা মোকাবিলা মানবিক দায়িত্ব এবং কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে কেন্দ্রকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।



















