ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার পূর্ব ফুলবাড়ি এলাকার টুকবাজালাই পার মসজিদের সামনে। আহত মহিলা শুক্কুরজান বিবি বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, শুক্কুরজান বিবির নিকট আত্মীয় জাকির হোসেন দুই দফায় তাঁর কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন। পরবর্তীতে জাকির হোসেন বেঙ্গালুরু চলে যান। অভিযোগ, দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও সেই ধার করা টাকা ফেরত দেওয়া হয়নি।
বৃহস্পতিবার জাকির হোসেনের মায়ের মৃত্যুর পর মরদেহ দাফনের সময় পাওনা টাকা ফেরত দেওয়ার দাবি জানান শুক্কুরজান বিবি। অভিযোগ, এ নিয়ে টুকবাজালাই পার মসজিদের সামনে উত্তেজনা সৃষ্টি হয়। সেই সময় জাকির হোসেনের ভাই জহির হোসেনসহ তাঁর আরও তিন ভাই শুক্কুরজান বিবির উপর হামলা চালান বলে অভিযোগ।
অভিযোগকারিণীর দাবি, তাঁকে মারধর করার পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টা করা হয়। একইসঙ্গে তাঁর গলায় থাকা সোনার চেইন এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার পর দমকল কর্মীরা আহত শুক্কুরজান বিবিকে উদ্ধার করে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার খবর পেয়ে তদন্তে নামে চুরাইবাড়ি থানার পুলিশ। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
























