আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ওএনজিসির ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার বেহাল দশা—এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন পশ্চিম গান্ধীগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর রামনগর এলাকার বাসিন্দারা।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তার বেহাল পরিস্থিতি নিয়ে ওএনজিসি কর্তৃপক্ষের কাছে একাধিকবার জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাঁদের দাবি, নিয়মিত ভারী যানবাহন চলাচলের ফলে রাস্তার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে।
বিশেষ করে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে বলে অভিযোগ স্থানীয়দের। বৃষ্টির জলে রাস্তার বিভিন্ন অংশ কাদায় পরিণত হওয়ায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচল কার্যত কঠিন হয়ে পড়ে। এর ফলে এলাকার বাসিন্দাদের প্রতিদিন দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে বলেও জানান তাঁরা।
আন্দোলনকারীদের মূল দাবি, মহেশখলা গ্যাস অফিসের সামনে থেকে উত্তর রামনগরের চিন্তা আহরণ দেবনাথ অঙ্গনওয়াড়ি কেন্দ্র পর্যন্ত রাস্তার দ্রুত সংস্কার করতে হবে। পাশাপাশি, রাস্তার দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। রাস্তার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।
























