আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি সন্দেহভাজন সোনার চুড়ি উদ্ধার করেছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)। উদ্ধার হওয়া সন্দেহভাজন সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা বলে জানা গেছে। একই সঙ্গে প্রায় ৮০০ গ্রাম রুপোর গয়নাও উদ্ধার করা হয়, যার মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা।
সিআইএসএফ সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর সকালে আগরতলা থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানে যাত্রার জন্য ওই মহিলা যাত্রী বিমানবন্দরে পৌঁছান। সকাল প্রায় ৯টা ৩৫ মিনিটে প্রি-এম্বার্কেশন নিরাপত্তা পরীক্ষার সময় তাঁর ব্যাগেজে অস্বাভাবিক ধাতব বস্তুর উপস্থিতি ধরা পড়ে। এরপর ব্যাগটি শারীরিকভাবে পরীক্ষা করার জন্য পাঠানো হয়।
পরবর্তী তল্লাশিতে ব্যাগেজ থেকে তিনটি সন্দেহভাজন সোনার চুড়ি উদ্ধার হয়। পাশাপাশি প্রায় ৮০০ গ্রাম রুপোর গয়না পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা বলে জানানো হয়েছে।
এরপর ওই মহিলা যাত্রীর শারীরিক তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে আরও দুটি সন্দেহভাজন সোনার চুড়ি উদ্ধার করেন সিআইএসএফ জওয়ানরা। সব মিলিয়ে পাঁচটি সন্দেহভাজন সোনার চুড়ি উদ্ধার হয়। ঘটনার পর বিষয়টি বিমানবন্দরের কাস্টমস আধিকারিকদের জানানো হয়। জিজ্ঞাসাবাদে ওই মহিলা যাত্রী সন্দেহভাজন সোনার বৈধ নথিপত্র দেখাতে পারেননি বলে কাস্টমস সূত্রে জানা গেছে।
কর্তৃপক্ষের দাবি, জিজ্ঞাসাবাদে ওই যাত্রী জানান, সীমান্তের ওপার থেকে সন্দেহভাজন সোনা নিয়ে কলকাতায় গয়না তৈরির উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি।
দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিটে কাস্টমস আধিকারিকরা পাঁচটি সন্দেহভাজন সোনার চুড়ি এবং রুপোর গয়না বাজেয়াপ্ত করেন। ঘটনার পর প্রয়োজনীয় পরবর্তী আইনি পদক্ষেপ শুরু হয়েছে।
তবে উদ্ধার হওয়া ধাতুটি আদৌ সোনা কি না এবং হলে তার প্রকৃত বিশুদ্ধতা কত, তা কাস্টমস কর্তৃপক্ষের পরবর্তী পরীক্ষার পরই নিশ্চিত হবে।
























