আগরতলা, ৭ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন ব্লকে বামফ্রন্ট তথা সিপিআইএম প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে বিজেপি ও তিপরা মথার কর্মীরা। এমনটাই অভিযোগে তুলে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দফতরে ডেপুটেশনে মিলিত হয়েছেন বামফ্রন্টের নেতাকর্মীরা।
এদিন মানিক দে বলেন, মান্দাই ব্লক বাদে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন ব্লকে গত ১ সেপ্টেম্বর থেকে শাসক দলের দুষ্কৃতীরা অবস্থান করছে। তাদের অভিযোগ, বিরোধী বিশেষ করে সিপিআইএম প্রার্থীরা যাতে মনোনয়নপত্র জমা দিতে না পারেন, সেজন্য হুমকি, বাধা এবং শারীরিক হামলার মতো ঘটনা ঘটানো হচ্ছে।
তাঁর দাবি, হেজামারা ব্লকে তাদের প্রার্থীদের কাছ থেকে কাগজপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। এমনকি মূল নথিও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হয়। পাশাপাশি ডুকলি ব্লকে মনোনয়ন জমা দেওয়ার কথা থাকা প্রার্থীদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে ফোন করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
পুরানো আগরতলা, জিরানিয়া, বেলবাড়ি ও লেফুঙ্গা-সহ পশ্চিম জেলার বিভিন্ন ব্লকে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন বামফ্রন্ট নেতৃত্ব। তাদের বক্তব্য, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে নির্বিঘ্নে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ দিতে হবে। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হলে বিকল্প কোনো স্থানে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করার দাবিও জানানো হয়।
তাঁর দাবি, জেলা প্রশাসনের আধিকারিক তাদের বক্তব্য ও অভিযোগ শুনেছেন এবং দাবিগুলি যুক্তিসঙ্গত বলে স্বীকার করেছেন। তবে একা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় জানিয়ে তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।
বামফ্রন্ট নেতৃত্বের আরও দাবি, পশ্চিম ত্রিপুরা জেলায় ৮৫টি ভিলেজ এবং মোট ৬৫৬টি আসন রয়েছে। তারা সমস্ত আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। তাই সকল প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।



















