আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা এসএফআই। সংগঠনের অভিযোগ, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন এলাকায় তাদের ছাত্র কর্মী ও সমর্থকদের উপর একের পর এক হামলার ঘটনা ঘটছে।
এদিন ছাত্র-যুব ভবন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর পোস্ট অফিস চৌমুহনী, সিটি সেন্টার ও বটতলা হয়ে মিছিলটি পুনরায় ছাত্র-যুব ভবনে এসে শেষ হয়। মিছিলে এসএফআইয়ের কর্মী-সমর্থকরা অংশ নেন।
বিক্ষোভ মিছিল থেকে এসএফআই নেতৃত্ব অভিযোগ করেন, সংগঠনের ছাত্র ও কর্মীদের উপর হামলা চালিয়ে তাদের আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তাঁদের দাবি, বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে রাজনৈতিক ও ছাত্র আন্দোলন চালিয়ে যাচ্ছে এসএফআই। হামলা চালিয়ে সেই আন্দোলন বন্ধ করা সম্ভব নয় বলেও হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃত্ব।
এসএফআইয়ের অভিযোগ, গতকাল বিশালগড়ের চড়িলাম এলাকার একটি স্কুলে তাদের ছাত্র কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে তাদের কর্মীদের উপর আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ সংগঠনের।
বিক্ষোভ মিছিল থেকে এসএফআই নেতৃত্ব পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁদের বক্তব্য, ছাত্রদের উপর হামলার ঘটনা বন্ধ করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এসএফআই নেতৃত্ব আরও বলেন, ছাত্রদের বিভিন্ন দাবি ও অধিকার নিয়ে সংগঠনটি ময়দানে রয়েছে এবং আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাবে। হামলা বা ভয় দেখিয়ে সংগঠনের আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলেও দাবি করেন তাঁরা।























