News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উন্নয়নের দাবি বনাম দেবকুমার পাড়ার বাস্তব চিত্র, ক্ষোভে গ্রামবাসী
Image

উন্নয়নের দাবি বনাম দেবকুমার পাড়ার বাস্তব চিত্র, ক্ষোভে গ্রামবাসী

আগরতলা, ২৭ আগস্ট: ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের নানা দাবি ও প্রচারের মাঝেই কোয়াইফাং এডিসি ভিলেজের অন্তর্গত প্রত্যন্ত দেবকুমার পাড়ার বাসিন্দাদের অভিযোগ, আজও তাঁরা মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত। রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ পরিষেবার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা।

কোয়াইফাং বাজার থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত দেবকুমার পাড়া। স্থানীয়দের অভিযোগ, এর মধ্যে প্রায় সাড়ে চার কিলোমিটার পথ এখনও পায়ে হেঁটে যাতায়াত করতে হয়। গ্রামে নেই পাকা রাস্তা, নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুল কিংবা কোনও স্বাস্থ্যকেন্দ্রও নেই বলে দাবি তাঁদের।

সম্প্রতি এলাকার এক গর্ভবতী মহিলাকে চিকিৎসার জন্য অস্থায়ীভাবে তৈরি খাটিয়ায় করে দীর্ঘ পথ পায়ে হেঁটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রায় ৮ কিলোমিটার দূরের স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে ওই মহিলাকে এই দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয়েছে। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রামের এক যুবক ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা ন্যূনতম পরিষেবার দাবি জানিয়ে আসছেন। কিন্তু রাস্তা, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার মতো মৌলিক সমস্যাগুলির এখনও স্থায়ী সমাধান হয়নি।

এলাকাবাসীর প্রশ্ন, উন্নয়নের এত দাবি ও প্রচারের পরও যদি প্রত্যন্ত এলাকার একজন গর্ভবতী মহিলাকে চিকিৎসার জন্য খাটিয়ায় করে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, তাহলে সেই উন্নয়নের সুফল কোথায় পৌঁছেছে?

দেবকুমার পাড়ার বাসিন্দারা অবিলম্বে পাকা রাস্তা নির্মাণ, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা চালু এবং স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন। প্রশাসন দ্রুত উদ্যোগ না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন স্থানীয়রা।

Releated Posts

তিন বছরে রাজ্যে ১০০৮ হেক্টরের বেশি বনভূমি অবৈধ দখলে, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: গত তিন বছরে রাজ্যের বিভিন্ন বন জেলায় মোট ১০০৮.২৮২ হেক্টর বনভূমি অবৈধভাবে দখল হয়েছে। বিধানসভায়…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত চেয়ে রেলমন্ত্রকে প্রস্তাব, সাব্রুম থেকে ট্রেন চালুর দাবি এখনও অধরা

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা ও আসামের মধ্যে দ্রুত ও উন্নত রেল যোগাযোগ গড়ে তুলতে আগরতলা-গুয়াহাটির মধ্যে বন্দে ভারত…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

পর্যটক আগমনে উল্লেখযোগ্য বৃদ্ধি, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গত তিনটি অর্থ বছরে পর্যটক আগমনের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিধানসভায় বিধায়ক অন্তরা সরকার…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

ধর্মনগরে আট দফা দাবিতে ক্ষেতমজুর ইউনিয়নের মিছিল, জেলা শাসকের কাছে স্মারকলিপি

ধর্মনগর, ২৭ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার খেটে খাওয়া মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে সরব…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

Leave a Reply

Scroll to Top