আগরতলা, ২৫ আগস্ট: রাধানগর এলাকায় মুদির দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় দ্রুত তদন্তে নেমে তিনজনকে আটক করেছে রামনগর থানার পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে চুরি যাওয়া সামগ্রীর পাশাপাশি আরও দুটি গ্যাস সিলিন্ডার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাধানগরের বাসিন্দা মৃদুল মোদকের বাড়ির সামনে একটি মুদির দোকান রয়েছে। গত পরশু রাতে ওই দোকানে তালা ভেঙে চুরি হয় বলে অভিযোগ। পরদিন সকালে দোকানে এসে তিনি দেখতে পান, বেশ কিছু মুদিখানার সামগ্রী নেই। পাশাপাশি বাড়ির বারান্দা থেকে তাঁর স্কুটিও খোয়া যায়।
ঘটনার পর মৃদুল মোদক রামনগর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর ওসি-র নেতৃত্বে থানার আধিকারিকদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং ফুটেজের ভিত্তিতে এক সন্দেহভাজনকে শনাক্ত করে।
এরপর তদন্তকারীরা ওই ব্যক্তির সন্ধানে অভিযান চালিয়ে বিটারবন এলাকা থেকে তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদের পর চুরি যাওয়া সামগ্রী গোয়ালাবস্তি এলাকায় রাখা রয়েছে বলে পুলিশ জানতে পারে। সেখানে অভিযান চালিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে গিয়ে পুলিশ আরও দুটি গ্যাস সিলিন্ডার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধার হওয়া সামগ্রীগুলি পুলিশ জব্দ করেছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির ঘটনায় আরও দুজনের জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের নাম জানায়। এরপর গতরাতেই ওই দুই ব্যক্তিকেও আটক করে পুলিশ। এই ঘটনায় মোট তিনজনকে আটক করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার তিন অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন করা হবে। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে উদ্ধার হওয়া দুটি গ্যাস সিলিন্ডার ও দুটি মোবাইল ফোনের সঙ্গে অন্য কোনও চুরির ঘটনার যোগসূত্র রয়েছে কিনা, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ।
























