সোনামুড়া, ২৫ আগস্ট: অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে সোনামুড়ার রাঙ্গামাটিয়া এলাকার বিস্তীর্ণ কৃষিজমি। ফলে বারবার বন্যার জলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার ছড়া দিয়ে স্বাভাবিকভাবে জল নিষ্কাশন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই কৃষিজমিতে জল জমে বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে।
কৃষকদের দাবি, ছড়ার জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমিতে দীর্ঘ সময় ধরে জল জমে থাকছে। এর ফলে আমনসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বারবার একই সমস্যার সম্মুখীন হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এদিকে, দীর্ঘদিন ধরে ছড়ার ওপর দিয়ে মানুষের যাতায়াতের জন্য একটি উপযুক্ত কালভার্ট নির্মাণের দাবিও জানিয়ে আসছেন এলাকাবাসী। বর্তমানে কালভার্টের অভাবে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থায় সমস্যা হচ্ছে, অন্যদিকে ছড়ার জলপ্রবাহেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলে অভিযোগ।
কৃষকদের দাবি, দ্রুত ছড়াটি সংস্কার করে জল নিষ্কাশনের ব্যবস্থা করা এবং ছড়ার ওপর একটি উপযুক্ত কালভার্ট নির্মাণ করা হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। এতে একদিকে যেমন এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, অন্যদিকে বৃষ্টির জল দ্রুত নেমে গিয়ে কৃষিজমির ক্ষয়ক্ষতিও অনেকটাই কমবে। এলাকার কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।























