সোনামুড়া, ৮ আগস্ট: নির্মাণের কয়েক মাসের মধ্যেই জাতীয় সড়কের বেহাল দশা ঘিরে ক্ষোভ ছড়িয়েছে সোনামুড়ায়। সোনামুড়া ট্রাফিক পয়েন্ট সংলগ্ন জাতীয় সড়কের মাঝখানে একাধিক বড় বড় গর্ত তৈরি হয়েছে। রাস্তার এমন পরিস্থিতিতে নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটি নতুন করে নির্মাণের মাত্র কয়েক মাসের মধ্যেই বিভিন্ন অংশে গর্ত দেখা দিয়েছে। বর্তমানে গর্তগুলি ক্রমশ বড় আকার ধারণ করায় যান চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। বিশেষ করে ব্যস্ত সময়ে গাড়িগুলির মধ্যে সংঘর্ষের উপক্রম হচ্ছে।
রাস্তার বেহাল দশার কারণে চরম দুর্ভোগের মুখে পড়েছেন যানচালক থেকে শুরু করে সাধারণ পথচারীরা। বর্ষাকালে গর্তে জল জমে যাওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। দূর থেকে গর্তের গভীরতা বোঝা না যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
শুধু জাতীয় সড়ক নয়, সোনামুড়া নগর পঞ্চায়েতের বিভিন্ন অভ্যন্তরীণ সড়কের অবস্থাও দীর্ঘদিন ধরে শোচনীয় বলে অভিযোগ। হাসপাতাল রোড, ঠাকুরমুড়া সড়কসহ একাধিক রাস্তা বর্তমানে খানাখন্দে ভরে গেছে। বর্ষার জলে সেইসব গর্তে জল জমে যাতায়াতে আরও সমস্যা তৈরি হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোটি কোটি টাকা খরচ করে রাস্তা নির্মাণ করা হলেও কাজের মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। নির্মাণের কয়েক মাসের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশে গর্ত তৈরি হওয়ায় সেই অভিযোগ আরও জোরালো হয়েছে।
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট দপ্তর দ্রুত বিষয়টি খতিয়ে দেখে রাস্তার গুণমান পরীক্ষা করুক এবং প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা করুক। একইসঙ্গে জাতীয় সড়কসহ নগর পঞ্চায়েত এলাকার বেহাল রাস্তাগুলি দ্রুত মেরামত করে দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
























