নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বিহারের বিরোধী দলনেতা তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। রবিবার তিনি অভিযোগ করেন, কেন্দ্র দিল্লিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আশ্বাস দিলেও বিহারে এখনও ছাত্রদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ চলছে।
প্রসঙ্গত, ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর কেন্দ্র সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া পুলিশি মামলা প্রত্যাহার এবং সেই সংক্রান্ত লিখিত আশ্বাস দিতে সম্মত হয়। প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সিজেপি শনিবার দেশজুড়ে চলা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করে।
পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী যাদব বলেন, “প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলন করা ছাত্ররা নিজেদের ভবিষ্যতের জন্য লড়াই করেছে। বিরোধী দলগুলি তাদের পাশে দাঁড়িয়েছে। আমরাও এই আন্দোলনে সমর্থন জানিয়েছি।”
তিনি বলেন, “দিল্লিতে সিদ্ধান্ত হয়েছে যে আন্দোলন চলা বিভিন্ন রাজ্যে প্রতিবাদকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করা হবে। হাজার হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে।”
তেজস্বীর অভিযোগ, কেন্দ্রের আশ্বাস সত্ত্বেও বিহারে এখনও ছাত্রদের জোর করে আটক করা হচ্ছে। তাঁর দাবি, “রাজ্যের প্রায় প্রতিটি জেলায় পুলিশ ছাত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। বহু ছাত্রকে আটক করা হয়েছে। আমাদের বেশ কয়েকজন বিধায়ককেও আটক করা হয়েছে। এমনকি আমার বড় ভাই তেজপ্রতাপ যাদবকেও আটক করা হয়েছে।”
তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামীকালের মধ্যে যদি আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার না করা হয় এবং আটক ছাত্রদের মুক্তি না দেওয়া হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।”
রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে তেজস্বী আরও অভিযোগ করেন, পুলিশের ভূমিকা ছিল অত্যন্ত অযৌক্তিক। তাঁর দাবি, “ছাত্রদের উপর একে-৪৭ থেকে গুলি চালানো হয়েছে।”
এছাড়াও এনডিএ সরকারের আমলে একাধিক নিয়োগ ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তুলে তিনি বলেন, “কনস্টেবল নিয়োগ, বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি), নিট-সহ বিভিন্ন পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও প্রশ্নফাঁস হয়েছে। যতদিন না এই সরকারকে ক্ষমতা থেকে সরানো যাবে, ততদিন প্রশ্নফাঁসের ঘটনা বন্ধ হবে না। এই সরকারে দুর্নীতিগ্রস্ত ও অপরাধীরাই সবকিছু নিয়ন্ত্রণ করছে বলে” অভিযোগ করেন তেজস্বী যাদব।



















