নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তাঁর আগমনকে ঘিরে ধর্মনগর শহরে উৎসবের আবহের পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
শুক্রবার রেলপথে ধর্মনগর রেলওয়ে স্টেশনে পৌঁছালে রাজ্যপালকে উষ্ণ অভ্যর্থনা জানান ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী, উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অভিনাশ রায়, জেলা শাসক চান্দনি চন্দ্রনসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। এ সময় রাজ্যপালকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
রেলস্টেশন থেকে রাজ্যপাল সরাসরি ধর্মনগর ডাকবাংলোয় যান। সেখানে
কিছুক্ষণ বিশ্রামের পর বিকেল সাড়ে ৫টায় ধর্মনগর কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। পরে তিনি উত্তর ত্রিপুরার অন্যতম ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশগ্রহণ করেন। কার্নিভালের বিভিন্ন আকর্ষণ ঘুরে দেখার পাশাপাশি রাজ্যপাল উপস্থিত দর্শনার্থী, আয়োজক এবং বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁর উপস্থিতিকে ঘিরে উৎসবে আগত মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
রাজ্যপালের সফর উপলক্ষে গোটা ধর্মনগর শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রশাসনের আশা, ধর্মীয় উৎসব ও রাজ্যপালের সফরকে কেন্দ্র করে সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবারের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভাল।
————






















