আগরতলা, ২৩ জুলাই: ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ। বৃহস্পতিবার জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তিনি।
বৈঠকে মন্ত্রী বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ গড়ে তোলা। এ লক্ষ্যে ধলাই জেলায় শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের পাশাপাশি পানীয় জল, কৃষি, সড়ক ও অন্যান্য পরিকাঠামো, বিদ্যুৎ পরিষেবা এবং জনসেবার মান আরও উন্নত করার ওপর বিশেষ জোর দেওয়া হবে।
তিনি প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন, যাতে সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা জেলার প্রত্যন্ত এলাকার মানুষের কাছেও স্বচ্ছ ও নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হয়।
রতন লাল নাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস” নীতিকে সামনে রেখেই রাজ্য সরকার কাজ করছে। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার নেতৃত্বে ধলাই জেলাকে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, ধলাই জেলার প্রতিটি বাসিন্দার কল্যাণ, সমৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুষ্মিতা দাস, জেলা শাসকসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক এবং জনপ্রতিনিধিরা।



















