আগরতলা, ২২ জুলাই: রাজ্যের রাজন্য আমল থেকে চলে আসা জাতি-উপজাতির সম্প্রীতি ও ঐতিহ্যের অন্যতম নিদর্শন খার্চি পূজা আজ সাড়ম্বরে শুরু হয়েছে। পুরাতন আগরতলার খয়েরপুরস্থিত ঐতিহাসিক চতুর্দশ দেবতা মন্দিরে সাতদিনব্যাপী এই ধর্মীয় উৎসবকে ঘিরে ভক্ত-দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।
মঙ্গলবার সন্ধ্যায় গঙ্গা আনয়ন পর্বের মধ্য দিয়ে পূজার পূর্ব প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর রাতে ধর্মীয় রীতি মেনে অনুষ্ঠিত হয় জারি পূজা, অধিবাস এবং নিশি পূজা। বুধবার সকালে চন্তাইদের উপস্থিতিতে প্রথা অনুযায়ী মূল পূজার আচার-অনুষ্ঠান শুরু হয়।এদিকে, খার্চি মেলা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা।
পুরাতন আগরতলাস্থিত ঐতিহাসিক চৌদ্দ দেবতা মন্দির প্রাঙ্গণে এদিন সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। পূজাকে কেন্দ্র করে মন্দির চত্বরকে নান্দনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে। রঙিন আলোকসজ্জা ও বিভিন্ন প্রস্তুতির মধ্য দিয়ে উৎসবের আবহ তৈরি হয়েছে গোটা এলাকায়।
প্রতি বছরের মতো এবারও সাতদিনব্যাপী খার্চি মেলায় দেশ-বিদেশ থেকে বহু সাধু-সন্ত, ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। মেলাকে ঘিরে ইতোমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, যাতে ভক্ত ও দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা ও মেলায় অংশ নিতে পারেন।



















