আগরতলা, ৪ জুলাই : ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হলো নতুন অধ্যায়। আজ রাজধানী আগরতলার বাধারঘাট রেলস্টেশন থেকে অত্যাধুনিক আগরতলা-করিমগঞ্জ-আগরতলা মেমু (মেইনলাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিশিষ্ট অতিথিরা। সবুজ পতাকা নেড়ে নতুন মেমু ট্রেনটির আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ করা হয় এবং এটি করিমগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
আজ সামাজিক মাধ্যমে পরিবহন মন্ত্রী বলেন, যাত্রীদের দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতেই এই অত্যাধুনিক মেমু ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। প্রতিদিন এই ট্রেন পরিষেবা ত্রিপুরা ও আসামের মধ্যে যাতায়াতকারী হাজার হাজার মানুষের জন্য আরও সুবিধাজনক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, উন্নত রেল যোগাযোগ রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সীমান্তবর্তী অঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। নতুন এই রেল পরিষেবা চালুর জন্য নরেন্দ্র মোদী, মানিক সাহা এবং অশ্বিনী বৈষ্ণব-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবহন মন্ত্রী।
























