নয়াদিল্লি, ১ জুলাই: জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ‘অপারেশন আমিস্তাদ’-এর অধীনে কর্মরত ভারতীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সংকটের সময় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সেবা করার এই প্রচেষ্টা চিকিৎসকদের কর্তব্যনিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত।
বুধবার সমাজমাধ্যম ‘এক্স’-এ প্রধানমন্ত্রী লেখেন, “আজ চিকিৎসক দিবসে আমি ‘অপারেশন আমিস্তাদ’-এর অংশ হিসেবে ভেনেজুয়েলায় নিরলসভাবে কাজ করে চলা ভারতের সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানাই। এই কঠিন সময়ে অভাবগ্রস্ত মানুষের সেবায় তাঁদের প্রচেষ্টা দেখিয়ে দিয়েছে, সমাজ যখনই সংকটে পড়ে তখন চিকিৎসকেরা কীভাবে দায়িত্ব পালন করেন।”
ভারতীয় সেনাবাহিনীর স্থাপিত ফিল্ড হাসপাতালের মাধ্যমে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের চিকিৎসা পরিষেবা দিচ্ছে ভারতীয় মেডিক্যাল দল।
গত ২৪ জুন ৭.২ ও ৭.৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় ১,৪০০-রও বেশি মানুষের মৃত্যু হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর পরেই মানবিক সহায়তা হিসেবে ভারত ‘অপারেশন আমিস্তাদ’ শুরু করে।
ভারতের এই উদ্যোগের জন্য ভেনেজুয়েলার সাধারণ মানুষ ভারতীয় চিকিৎসক দলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মঙ্গলবার বিদেশ মন্ত্রক (এমইএ) একাধিক ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় ফিল্ড হাসপাতালে চিকিৎসা নেওয়া স্থানীয় বাসিন্দারা তাঁদের অভিজ্ঞতা জানাচ্ছেন এবং ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
এক প্রবীণ মহিলা বলেন, “আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। গত ৬০ বছরে এমন চিকিৎসা পরিষেবা আমি দেখিনি।”
চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ, এখন আমি অনেকটাই ভালো বোধ করছি।”
তিনি আরও জানান, চিকিৎসার পর তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় চিকিৎসক দল অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও করেছে। তিনি বলেন, “আমি বিশেষভাবে আপনাদের ধন্যবাদ জানাতে চাই। অন্যদের সাহায্যে কোনওরকমে এখানে এসেছিলাম, আর এখন আপনারাই আমাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। আমি সত্যিই কৃতজ্ঞ।”
অ্যাম্বুল্যান্সে ওঠার সময়ও তিনি ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের প্রতি পুনরায় কৃতজ্ঞতা জানান।
আরও এক স্থানীয় বাসিন্দা বলেন, ভারতীয় ফিল্ড হাসপাতাল স্থানীয় মানুষের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। তিনি জানান, “চিকিৎসা এবং ওষুধের জন্য আমাকে কোনও অর্থ দিতে হয়নি। আপনাদের সমস্ত সহায়তার জন্য ধন্যবাদ। আপনাদের দেশকে আমি কৃতজ্ঞতা জানাই।”
ভারতের পাঠানো মানবিক সহায়তা ২৮ জুন ভেনেজুয়েলায় পৌঁছায়। সেই সময় বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর জানান, ভারতের পাঠানো ফিল্ড হাসপাতাল ইউনিট, ত্রাণসামগ্রী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম ভূমিকম্প-পরবর্তী ত্রাণকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সূত্র: আইএএনএস



















