আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা মঞ্জুর করা হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।
সোমবার এক সামাজিক মাধ্যম পোস্টে সাংসদ বিপ্লব দেব জানান, উন্নত চিকিৎসার প্রয়োজনে পাঠানো আবেদনগুলির প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই সহানুভূতিশীল মনোভাব প্রদর্শন করেছেন। তিনি দাবি করেন, অতীতেও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন আবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হলে সেগুলির অধিকাংশই ইতিবাচকভাবে মঞ্জুর হয়েছে।
মৌসুমী সাহার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা মঞ্জুর হওয়ায় তাঁর পরিবার স্বস্তি পেয়েছে বলেও উল্লেখ করেন সাংসদ। পাশাপাশি তিনি বলেন, সাধারণ মানুষের প্রয়োজনের সময় কেন্দ্রীয় সরকারের এই ধরনের সহায়তা মানবিক উদ্যোগেরই প্রতিফলন।



















