News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরীক্ষা ব্যবস্থা, বেকারত্ব ও নিয়োগে অনিয়মের অভিযোগে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস
Image

পরীক্ষা ব্যবস্থা, বেকারত্ব ও নিয়োগে অনিয়মের অভিযোগে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ২০ জুন : দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, শিক্ষাব্যবস্থা এবং কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের “ডাবল ইঞ্জিন” সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করল প্রদেশ কংগ্রেস। এক বিবৃতিতে দলীয় নেতৃত্ব অভিযোগ করেছে, গত কয়েক বছরে নিট, সিবিএসই-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, পুনঃপরীক্ষা এবং নানা ধরনের অনিয়ম দেশের ছাত্র-যুব সমাজের মধ্যে চরম অনিশ্চয়তা ও হতাশার পরিবেশ সৃষ্টি করেছে।

কংগ্রেসের দাবি, গত এক দশকে দারিদ্র্য ও হতাশার কারণে বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছে। একই সময়ে একাধিক প্রশ্নপত্র ফাঁস ও পুনঃপরীক্ষার ঘটনা ঘটলেও কেন্দ্র সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। এর ফলে বহু মেধাবী ছাত্র-ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

প্রদেশ কংগ্রেসের বক্তব্য অনুযায়ী, সম্প্রতি নিট পরীক্ষাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে গত এক মাসে চারজন পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। তারা অভিযোগ করেছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ তদন্ত ও প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে সরকার শুধুমাত্র প্রশাসনিক রদবদলের মতো “লোকদেখানো” পদক্ষেপ গ্রহণ করছে।

এছাড়া সিবিএসই-র ডিজিটাল মূল্যায়ন ব্যবস্থা ও সংশ্লিষ্ট সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কংগ্রেসের দাবি, অতীতে অভিযুক্ত সংস্থাগুলিকে দায়মুক্তি দেওয়া হয়েছে এবং গোটা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে গুরুতর সংশয় তৈরি হয়েছে।

গত ১৫ মে আগরতলায় যুব কংগ্রেস, এনএসইউআই এবং মহিলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগও তুলেছে দলটি। তাদের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচিকে ভণ্ডুল করার উদ্দেশ্যে শাসকদলের মদতে হামলা চালানো হয়েছিল।

শুধু শিক্ষা নয়, কর্মসংস্থানের ক্ষেত্রেও কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে প্রদেশ কংগ্রেস। তাদের বক্তব্য, দেশে বেকারত্বের হার উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে এবং বিভিন্ন সরকারি দপ্তরে লক্ষাধিক পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে। “মেক ইন ইন্ডিয়া”, “মুদ্রা যোজনা” এবং অন্যান্য কর্মসংস্থানমূলক প্রকল্প প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হয়েছে বলেও দাবি করা হয়েছে।

রাজ্যের পরিস্থিতি প্রসঙ্গেও প্রদেশ কংগ্রেস অভিযোগ করেছে, ত্রিপুরায় বেকারত্বের হার জাতীয় গড়ের তুলনায় বেশি এবং শিক্ষা-সহ বিভিন্ন সরকারি বিভাগে বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হচ্ছে না।

একইসঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত টিপিএসসি-র যৌথ লেকচারার নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও একাধিক অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস।

দলটির পক্ষ থেকে কেন্দ্র সরকারের কাছে পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা, প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নৈতিক দায় স্বীকার এবং ছাত্র-যুব সমাজের আস্থা পুনরুদ্ধারের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

।।।।।।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top