বিশালগড়, ১৮ জুন : বনজ সম্পদ পাচার ও অবৈধ কাঠ চেরাই কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল বন দপ্তর। বিশালগড় মহকুমা বন আধিকারিক ঈশান লালের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে পুরাথল রাজনগর এলাকার গভীর জঙ্গল থেকে একটি অবৈধ কাঠ চেরাই মিল এবং একটি জেনারেটর উদ্ধার করা হয়েছে।
বন দপ্তর সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বন কর্মীরা সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালান। অভিযানের সময় জঙ্গলে সক্রিয় বন দস্যুদের উপস্থিতি টের পেয়ে তাদের পিছু ধাওয়া করা হলে তারা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বন কর্মীরা জঙ্গলের ভেতরে অবৈধভাবে পরিচালিত একটি কাঠ চেরাই মিল এবং একটি জেনারেটর উদ্ধার করে সেগুলি বাজেয়াপ্ত করেন। উদ্ধার হওয়া সরঞ্জামগুলি চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফরেস্টার বিজয় ঘোষ জানান, উদ্ধার হওয়া কাঠ চেরাই মিল ও জেনারেটরের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা। তিনি বলেন, বনাঞ্চলে অবৈধ কর্মকাণ্ড রোধে বন দপ্তর নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে এবং বনজ সম্পদ পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
বন দপ্তরের এই সফল অভিযানের ফলে এলাকায় অবৈধ কাঠ চেরাই চক্রের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে। বিপুল মূল্যের সরঞ্জাম উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।



















