কাঠালিয়া, ১৮ জুন : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। বুধবার গভীর রাতে থানাধীন বাঁশপুকুর গ্রাম পঞ্চায়েতের মহরম আলীপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং একটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনায় আক্তার হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পার্থনাথ ভৌমিক জানান, বুধবার গভীর রাতে তাদের কাছে খবর আসে যে বাঁশপুকুরের মহরম আলীপাড়া এলাকার বাসিন্দা আক্তার হোসেনের বাড়িতে অবৈধভাবে মাদকদ্রব্য ও একটি আগ্নেয়াস্ত্র মজুত রাখা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে ওসি পার্থনাথ ভৌমিকের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী, রুমি আক্তার, টিএসআর জওয়ান এবং থানার অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে একটি দল অভিযান চালায়।
রাত প্রায় ৩টা নাগাদ অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে তার বসতঘর থেকে একটি প্লাস্টিকের ড্রামে রাখা ২০ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা, ২০ বোতল এসকফ সিরাপ এবং একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ।
পুলিশ অভিযুক্ত আক্তার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (এনডিপিএস) ও অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার অভিযুক্তকে সোনামুড়া আদালতে সোপর্দ করা হবে।
দীর্ঘদিন পর এলাকায় এত বড় পরিমাণ মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
























