আগরতলা, ১৫ জুন : ধলাই জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আজ ডিস্ট্রিক ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং কমিটি তথা দিশা’র সভা অনুষ্ঠিত হয়। সাংসদ কৃতিদেবী দেববর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দিশা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক নন্দিতা রিয়াং দেববর্মা, এমডিসি ক্ষত্রজয় রিয়াং, এমডিসি ধনঞ্জয় ত্রিপুরা, এমডিসি ইসমাইলজয় ত্রিপুরা, এমডিসি হলিউড চাকমা, আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার, ভাইস চেয়ারপার্সন গোপাল সূত্রধর, অতিরিক্ত জেলাশাসক ভানলালদিকা ডার্লং, অতিরিক্ত জেলাশাসক পার্থ দাস, কমলপুর, লংতরাইভ্যালি, আমবাসা মহকুমার মহকুমা শাসকগণ, জেলার বিভিন্ন ব্লকের বিডিওগণ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।
বৈঠকের শুরুতে ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ বি জেলার বিভিন্ন দপ্তর কর্তৃক বাস্তবায়িত জনকল্যাণমূলক প্রকল্প সমূহের অগ্রগতি বিস্তারিত ভাবে তুলে ধরেন। সাংসদ কৃতিদেবী দেববর্মণ জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন দপ্তরের আধিকারিকদেরকে জনপ্রতিনিধিদের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্বলিত প্রচেষ্টার মাধ্যমে উন্নয়নের ধারাকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে হবে।
বৈঠকে পানীয়জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিক জানান, জলজীবন মিশন প্রকল্পে এখন পর্যন্ত ধলাই জেলায় পাইপ লাইনের মাধ্যমে ৮৫ হাজার ১৬৩টি পরিবারকে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক জানান, জেলায় পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন ৩৮ হাজার ৬৭৭টি পরিবার। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সুফল পাচ্ছেন ২৯২১ জন কৃষক। বৈঠকে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, স্বাস্থ্য, বন, শিক্ষা, মৎস্য, প্রাণীসম্পদ বিকাশ প্রভৃতি দপ্তরের প্রকল্পগুলির বাস্তবায়ণ নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করা হয়।



















