আগরতলা, ২০ মে: অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের ডাকা সর্বভারতীয় কেমিস্ট ধর্মঘটের বিশেষ প্রভাব পড়লো না শহরে। ধর্মঘটের দিনও শহরের অধিকাংশ ওষুধের দোকান খোলা থাকতে দেখা যায়। সাধারণ মানুষের স্বার্থের কথা বিবেচনা করে বিশেষ করে হাসপাতাল সংলগ্ন এলাকাগুলিতে পরিষেবা স্বাভাবিক রাখা হয়।
জানা যায়, হাপানিয়া হাসপাতালের সামনে থাকা প্রায় ৩৭টি ওষুধের দোকান এদিন খোলা রাখা হয় যাতে রোগী ও তাদের পরিবারের সদস্যরা সমস্যায় না পড়েন। জরুরি পরিষেবার কথা মাথায় রেখে ব্যবসায়ীদের একাংশ ধর্মঘটে সামিল না হওয়ার সিদ্ধান্ত নেন।
এদিকে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধর্মঘটের বিরোধিতা করে বিভিন্ন ওষুধের দোকানে গিয়ে ব্যবসায়ীদের দোকান খোলা রাখার আবেদন জানানো হয়।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ রায় জানান, সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার সঙ্গে ওষুধের দোকান সরাসরি যুক্ত। তাই জনগণের অসুবিধার কথা ভেবে অধিকাংশ দোকান খোলা রাখা হয়েছে। তিনি আরও বলেন, রোগীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


















