আকাশে ইঞ্জিনে গোলযোগ, দিল্লির আইজিআই বিমানবন্দরে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের

নয়াদিল্লি, ২৮ মার্চ (আইএএনএস) : মাঝ আকাশে ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ইন্ডিগো-র একটি যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ করানো হল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এ। শনিবার সকালে ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, বিশাখাপত্তনম থেকে দিল্লাগামী 6E 579 নম্বরের বিমানটির একটি ইঞ্জিন মাঝ আকাশে বিকল হয়ে যায় বলে সন্দেহ করা হচ্ছে। এরপরই বিমানবন্দরে ‘ফুল এমার্জেন্সি’ ঘোষণা করা হয়।

নাগরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, সকাল ১০টা ৩৯ মিনিট নাগাদ জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং প্রায় ১০টা ৫৪ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। রানওয়ে ২৮-এ অবতরণের আগে সমস্ত জরুরি পরিষেবাকে প্রস্তুত রাখা হয়।

বিমানে মোট ১৬১ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। সকলেই নিরাপদে রয়েছেন এবং কারও কোনও আঘাত লাগেনি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বিমানটিরও কোনও ক্ষতি হয়নি।

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পাওয়া মাত্রই দমকলের একাধিক ইঞ্জিন বিমানবন্দরে পৌঁছে যায়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানটি তুরস্কের একটি সংস্থা থেকে ‘ওয়েট লিজ’-এ নেওয়া হয়েছিল। ইঞ্জিন বিকলের সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং বিমানটির বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চলছে।

ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ত্রুটি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই সমস্ত নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল মেনে পাইলটরা জরুরি অবতরণের আবেদন করেন।

বর্তমানে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
______

Leave a Reply