আগরতলাস্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশন অফিসে পুনরায় ভিসা প্রদান শুরু

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি: দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে সোমবার থেকে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশন অফিস থেকে পুনরায় সকল ধরনের ভিসা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভারত ও বাংলাদেশের অসংখ্য সাধারণ মানুষ।

উল্লেখ্য গত ২৩ ডিসেম্বর ২০২৫ নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের ভিসা ও কনস্যুলার পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এর ফলে দুই দেশের মধ্যে যাতায়াত কার্যত অনিশ্চয়তার মুখে পড়ে। বিশেষ করে যেসব পরিবারের আত্মীয়-স্বজন দুই দেশে বসবাস করেন, তারা চরম সমস্যায় পড়েছিলেন। পারিবারিক অনুষ্ঠান সহ বিভিন্ন কারণে যাতায়াত করতে না পেরে ভোগান্তির শিকার হন অনেকে।

আগরতলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ বাংলাদেশে যাওয়ার জন্য এই হাইকমিশনের উপর নির্ভরশীল। ভিসা পরিষেবা বন্ধ থাকায় আবেদনকারীদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছিল। অনেকের পরিকল্পিত সফর বাতিল করতে হয়েছিল।

আজ পুনরায় সব ধরনের ভিসা প্রদান শুরু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আজ হাইকমিশন চত্বরে সকাল থেকেই আবেদনকারীদের ভিড় লক্ষ্য করা যায়। প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে স্বাভাবিক নিয়মেই ভিসা প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক সম্পর্ক রয়েছে। সেই প্রেক্ষাপটে ভিসা পরিষেবা পুনরায় চালু হওয়াকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন সচেতন মহল। এতে দুই দেশের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেছেন অনেকে।

Leave a Reply